আত্মহত্যা থেকে বাঁচলেও স্ত্রীর মামলায় কারাগারে যুবক

আপডেট : ১৭ জুন ২০২১, ১২:৪৮ পিএম

ফেনীর সোনাগাজীতে পরকীয়া প্রেমের প্রতিবাদ করায় গলায় দড়ি দিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন ধর্মরাজ (৪২) নামে এক ব্যক্তি।

মৃত্যুর হাত থেকে বেঁচে গেলেও স্ত্রীর দায়ের করা মামলায় এখন তিনি কারাগারে।

ধর্মরাজের স্ত্রী রত্মা রানী দাস জানান, ২১ বছর আগে তাদের বিয়ে হয়। ধর্মরাজ পেশায় একজন জেলে। নদী ও পুকুরে জাল বেয়ে জীবন চলে তার। তাদের চার মেয়ে রয়েছে। তিন মেয়েই প্রতিবন্ধী। কিন্তু ধর্মরাজ চার বছর ধরে আরেক নারীর সঙ্গে পরকীয়া প্রেম করছেন।

মঙ্গলবার সন্ধ্যায় পরকীয়া প্রেম নিয়ে তার সঙ্গে ঝগড়া হয় ধর্মরাজের। পরে তিনি নিজের বসতঘরের শয়ন কক্ষের দরজা বন্ধ করে আঁড়ার সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা চালান।

কোনো সাড়াশব্দ না পেয়ে তার স্ত্রী রত্মা রানী দাস চিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে আসেন।

সবাই দরজা ভেঙে শয়ন কক্ষে প্রবেশ করে দা দিয়ে রশি কেটে দিলে মাটিতে লুটিয়ে পড়েন ধর্মরাজ। স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ঘটনায় রত্মা রানী দাস বাদী হয়ে স্বামী ধর্মরাজকে আসামি করে সোনাগাজী মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

পুলিশ ধর্মরাজকে আটক করে বুধবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত