রাজশাহী মহানগরীতে করোনায় (কভিড-১৯) আক্রান্ত ব্যক্তিদের জন্য বিনামূল্যে অক্সিজেন প্রদান সেবা কার্যক্রম চালু করেছে রাজশাহী সিটি করপোরেশন। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে অক্সিজেন সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এর আগে রাজশাহীর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অক্সিজেন সেবা চালু করা হয়।
রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও নাটোর জেলার মানুষের জন্য রাজশাহী জেলা সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদারের হাতে ৪০টি অক্সিজেন সিলিন্ডার তুলে দেন রাসিক মেয়র। চারটি জেলার প্রতিটি ১০টি করে অক্সিজেন সিলিন্ডার পাবে। এছাড়া সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডের কার্যালয়ের জন্য কাউন্সিলরদের মাঝে ৩০টি অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, ভারতীয় করোনা ভ্যারিয়েন্ট চাঁপাইনবাবগঞ্জ জেলার পর রাজশাহী মহানগরীতে তীব্রভাবে ছড়িয়ে পড়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় আমরা কাজ করে যাচ্ছি। এখন থেকে করোনায় আক্রান্ত হয়ে অক্সিজেন স্বল্পতায় অথবা শ^াসকষ্টে ভুগছেন এমন ব্যক্তি ও তার স্বজনরা রাজশাহী সিটি করপোরেশনের হটলাইন-০১৭৫৮-৯০১৯০৩ নম্বরে কল করলে অথবা নিকটস্থ ওয়ার্ড কার্যালয়ে যোগাযোগ করলে তাৎক্ষণিক তার বাড়িতে পৌঁছে যাবে অক্সিজেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। ২৪ ঘণ্টা চালু থাকবে এ সেবা। আগামীতে অক্সিজেন সেবায় যুক্ত হবে ১৫০টি অক্সিজেন সিলিন্ডার।
মেয়র আরও বলেন, রাজশাহী মহানগরীতে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলমান ‘লকডাউনের’ সময়সীমা আরও সাত দিন বৃদ্ধি করা হয়েছে। নগরীর ১২টি পয়েন্টে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট অব্যাহত রয়েছে। শিগগিরই আরও অ্যান্টিজেন টেস্ট সেন্টার বৃদ্ধি করা হবে।
