সংসদে নাসিরের মুক্তি চাইলেন জাপার এমপি টিপু

আপডেট : ১৭ জুন ২০২১, ১১:০৪ পিএম

‘ধর্ষণচেষ্টার’ অভিযোগে চিত্রনায়িকা পরীমণির করা মামলায় গ্রেপ্তার নাসির উদ্দিন মাহমুদের মুক্তি এবং অভিযোগ থেকে তাকে অব্যাহতি দেওয়ার জন্য সংসদে দাঁড়িয়ে দাবি তুললেন জাতীয় পার্টির সাংসদ (বরিশাল-৩ ) গোলাম কিবরিয়া টিপু। গতকাল বৃহস্পতিবার সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি নাসির উদ্দিন মাহমুদের মুক্তির দাবি করেন।

আবাসন ব্যবসায়ী হিসেবে পরিচয় দেওয়া নাসির জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য। উত্তরা ক্লাবের এই সাবেক সভাপতি ঢাকা বোট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। পরীমণির মামলায় গ্রেপ্তার হওয়ার পর তাকে বোট ক্লাব থেকে বহিষ্কার করা হয়। জাতীয় পার্টির আরেক প্রেসিডিয়াম সদস্য টিপু সংসদে বলেন, ‘কয়েক দিন ধরে একজন চিত্রনায়িকা ও আমাদের প্রেসিডিয়াম সদস্যকে নিয়ে ঘটনা দেখছি। নাসির উদ্দিনকে আমি প্রায় ৩৫ বছর ধরে চিনি। প্রায় ছাত্র অবস্থা থেকে। সে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং সরকারকে খাজনা দেয়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত