নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বাড়ির পাশে নদীর ঘাটে গোসল করতে গিয়ে নিখোঁজ এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
২৪ বছরের চম্পা আক্তার ১৮ ঘণ্টা নিখোঁজ ছিলেন। শুক্রবার সকাল ৯টার দিকে সদর ইউনিয়নের নাগনীপাড়া এলাকায় ভাইরা গাং-এর এক প্রান্তে তার মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা।
চম্পা উপজেলার একই ইউনিয়নের বৈদ্যগাঁও গ্রামে জাহিদ মিয়ার মেয়ে। বিবাহিত হলেও তিনি বাবার বাড়িতে থাকতেন ও তার কোন সন্তান ছিল না। চম্পা মৃগী রোগী ছিলেন বলে স্থানীয়ভাবে জানা গেছে।
কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে পরিবারের অভিযোগ অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
বৃহস্পতিবার দুপুর পৌনে ৩টার দিকে বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া কালিহালা বৈদ্যগাঁও নদীতে গোসল করতে যান চম্পা আক্তার। অনেকটা সময় অতিক্রান্ত হলে পরিবারের সদস্যরা ঘাটে গিয়ে দেখেন বাড়ি থেকে নিয়ে যাওয়া মগ সেখানে পড়ে রয়েছে। এরপর থেকে নিখোঁজ ছিলেন চম্পা।
