গ্যাস বিস্ফোরণে হতাহতের ঘটনার ৯ মাস অতিবাহিত হলেও নারায়ণগঞ্জের তল্লার বায়তুস সালাত জামে মসজিদে নামাজ বন্ধ রয়েছে। শুক্রবার সকল প্রস্তুতি থাকার পরও এই নিয়ে ৪১তম জুমা আদায় করতে পারেনি এলাকাবাসী।
দীর্ঘদিন অতিবাহিত হলেও সেই মসজিদে হয়নি আজান-নামাজ। শুক্রবারেও ছিল জন-মানবহীন।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মুস্তাইন বিল্লাহ বলছেন, সরকারি ৪ সংস্থা থেকে ইতিবাচক প্রতিবেদন পেলেই মসজিদ খুলে দেওয়া হবে। সেই পর্যন্ত এলাকাবাসীকে পাশের মহল্লার মসজিদে নামাজ আদায় করতে বলা হয়েছে।
গত ৪ সেপ্টেম্বর এশার নামাজ চলাকালে মসজিদে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। প্রাণহানি হয়েছিল ইমাম-মুয়াজ্জিনসহ ৩৪ জন মুসল্লির এবং সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন আহত ৩ জন। এরপর থেকে প্রায় ৯ মাস তথা ২৮০ দিন মসজিদটিতে হয়নি জামাত, হয়নি ৪১টি জুমাও।
কবে চালু হবে মসজিদ? কবে আবার নামাজ আদায় করতে এলাকাবাসী একত্রিত হবেন? এমন প্রশ্ন স্থানীয়দের মনে। ইতিমধ্যেই মসজিদ কমিটি ও এলাকাবাসীর পক্ষে জেলা প্রশাসক বরাবর আবেদন করা হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও দাবি উঠেছে।
পশ্চিম তল্লা বাইতুস সালাত মসজিদ কমিটির সভাপতি গফুর মিয়া দেশ রূপান্তরকে জানান, মসজিদটি খুলে দেওয়ার ব্যাপারে প্রশাসনের সঙ্গে বহুবার যোগাযোগ করেও ব্যর্থ হয়েছি। আমাদের বলা হয়েছে, যদি ফায়ার সার্ভিস, বিদ্যুৎ অফিস ও তিতাস গ্যাস কর্তৃপক্ষ প্রতিবেদন দেয় তাহলে মসজিদ খোলার অনুমতি দেবো। কিন্তু ফায়ার সার্ভিস, বিদ্যুৎ অফিস প্রতিবেদন দিলেও তিতাস কোনো প্রতিবেদন দেয়নি। আমরা চাই এই মসজিদে আগের মতো আজান ও নামাজ আদায় হোক।
বিষয়টি নিয়ে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ গণমাধ্যমকে বলেন, ইতিমধ্যে প্রায় ৪টি সংস্থা মসজিদ পরিদর্শন করেছে। আমরা আশা করি আগামী মাসে তাদের নথি পাবো। পজিটিভ রিপোর্ট পেলে মসজিদ খুলে দেওয়া হবে।
