যারা জন্ম থেকে জিভে সাধারণের চেয়ে একটু বেশি স্বাদ অনুভব করেন (সুপারটেস্টার) তাদের কভিডে আক্রান্ত হওয়ার শঙ্কা কম থাকতে পারে বলে জানিয়েছেন গবেষকেরা। এই ধরনের মানুষেরা সাধারণত তেতো স্বাদ পেয়ে থাকেন।
গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক চিকিৎসা জার্নাল ‘জামা নেটওয়ার্ক ওপেন’-এ। বিশেষজ্ঞদের একাংশ বলছেন, কভিড কেন কারও ক্ষেত্রে মৃদু বা মাঝারি হয় আর অন্য কারও ক্ষেত্রে হয়ে ওঠে গুরুতর, এই গবেষণা আগামী দিনে তার উত্তর দিতে পারে।
গবেষকরা দেখেছেন, যারা তাদের জিভে সব সময়েই স্বাভাবিকের চেয়ে তেতো স্বাদ বেশি অনুভব করেন তাদের দেহে এক ধরনের জিন বেশি সক্রিয় থাকে। সেই জিনের নাম- ‘টি২আর৩৮’। কেউ যদি জন্মের সময় মা ও বাবা, দু’জনের কাছ থেকেই জিনটি উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকেন তা হলে তাদের ‘সুপারটেস্টার’ বলে চিহ্নিত করা হয়।
গবেষণায় বলা হয়েছে, জিনটি যে শুধুই তেতো স্বাদের অনুভূতি বাড়ায় তা নয়, মানবদেহে সার্স-কভ-২-সহ বহু ভাইরাসের সংক্রমণ রুখতেও কার্যকরী ভূমিকা নেয়, দেহের স্বাভাবিক প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করে তোলে।
জিনটি যারা মা ও বাবার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পান, তাদের বেশির ভাগেরই সাইনাস ও নাসারন্ধ্রে খুব ক্ষুদ্রাতিক্ষুদ্র চুলের পরিমাণ বেশি থাকে। এদের বলা হয় সিলিয়া। এরাই সার্স-কভ-২ সহ বিভিন্ন ভাইরাসের সংক্রমণ রোখার প্রাথমিক কাজটা করে।
