করোনায় পাবনা জেলা শ্রমিক দলের সভাপতির মৃত্যু

আপডেট : ১৯ জুন ২০২১, ০৮:৫৮ পিএম

করোনা আক্রান্ত হয়ে পাবনা জেলা শ্রমিক দল সভাপতি মো. ওসমান গনি খান (৫৫) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

শনিবার বেলা ৪ টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। ওসমান গণি পাবনার আতাইকুলা থানার বাওইকোলা গ্রামের আবু তালেবের ছেলে।

পাবনা জেলা বিএনপির সদস্যসচিব সিদ্দিকুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, ওসমান গণি করোনায় আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরে জ্বর শ্বাসকষ্টসহ শারীরিক জটিলতায় ভুগছিলেন। প্রথমে তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে টেস্ট করার পর তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

অবস্থার অবনতি হওয়ায় কয়েক দিন আগে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়। শনিবার বেলা ৪ টার দিকে তিনি ইন্তেকাল করেন। শহরে পানি উন্নয়ন বোর্ড এলাকায় একটি ভাড়া বাসায় তিনি বসবাস করতেন। ওসমান গণি শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদকও ছিলেন বলেও জানান তিনি।

এ বিষয়ে পাবনার সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী বলেন, জেলার বাইরে মারা যাওয়ায় ওসমান গনি খানের মৃত্যুর বিষয়ে তিনি অবহিত নন। তবে বিষয়টি সম্পর্কে খোঁজ নেবেন বলে জানান।

সিভিল সার্জন অফিস সূত্র জানায়, গত দুই দিনে পাবনায় ১১২ জন নতুন করোনায় আক্রান্ত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত