খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বিভিন্ন ডিসিপ্লিনে (বিভাগ) স্বাস্থ্যবিধি মেনে আজ রবিবার থেকে সশরীরে মাস্টার্স চূড়ান্ত পর্বের পরীক্ষা শুরু হবে। প্রথম দিন নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের পরীক্ষা হবে। এরপর পর্যায়ক্রমে বাকি ডিসিপ্লিনের পরীক্ষা হবে। হলের বাইরে থেকে শিক্ষার্থীরা এসব পরীক্ষায় অংশ নেবেন।
বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলের ডিন ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক খান গোলাম কুদ্দুস জানান, মাস্টার্সের চূড়ান্ত পর্ব ছাড়াও স্নাতক চতুর্থ বর্ষের স্পেশাল টার্মের পরীক্ষা গ্রহণের অনুমোদন দেওয়া হয়েছে। স্নাতকে সশরীরে পরীক্ষা নেওয়া সম্ভব না হলে অনলাইনে নেওয়ার বিষয়ে চিন্তাভাবনা চলছে।
জানা গেছে, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনে ২২ জুন, গণিত ডিসিপ্লিনে ২৪ জুন, ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনে ২৪ জুন, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনে ২৯ জুন, সয়েল ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনে ও সামাজিক বিজ্ঞান ডিসিপ্লিনে ১ জুলাই পরীক্ষা নেওয়া হবে।
