রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

আপডেট : ১৯ জুন ২০২১, ১১:২৩ পিএম

দেশ রূপান্তরে ১৮ জুন প্রকাশিত ‘ভিসি বিশ্বজিতের স্বেচ্ছাচার’ শিরোনামের প্রতিবেদনের প্রতিবাদ করেছে রবীন্দ্র বিশ^বিদ্যালয়। প্রতিষ্ঠানটির পাবলিক রিলেশন অফিসার মো. শাহ আলী বিশ^বিদ্যালয় কর্র্তৃপক্ষের পক্ষে এই প্রতিবাদ জানিয়েছেন। প্রতিবাদলিপিতে বলা হয়েছে, ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ যেকোনো ধরনের গঠনমূলক সমালোচনা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এবং গঠনমূলক ও বস্তুনিষ্ঠ সমালোচনাকে সাধুবাদ জানায়। কিন্তু আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ করছি, মাননীয় উপাচার্যসহ অন্যদের নিয়ে প্রকাশিত সংবাদের তথ্যাদি অসত্য, কাল্পনিক, মনগড়া ও ভিত্তিহীন। সংবাদ প্রকাশের ক্ষেত্রে অবশ্যই অভিযোগ যাচাই করা উচিত ছিল। এ ক্ষেত্রে তার ব্যত্যয় ঘটেছে এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে মানুষকে নেতিবাচক ধারণা দেওয়া হয়েছে; যা কখনোই কাম্য নয়। প্রকাশিত সংবাদের বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

প্রতিবেদকের বক্তব্য : ‘ভিসি বিশ্বজিতের স্বেচ্ছাচার’ শিরোনামের প্রতিবেদনটি সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। প্রতিবেদনে যেসব অভিযোগের বিষয়ে বলা হয়েছে, তার সবগুলোর তথ্য প্রতিবেদকের কাছে সংরক্ষিত আছে। এ সংক্রান্ত ভুক্তভোগীদের লিখিত ও অডিও রেকর্ডসংবলিত অভিযোগ প্রতিবেদকের হাতে রয়েছে। প্রতিবেদনটি প্রস্তুতকালে অভিযুক্ত ভিসি বিশ্বজিৎ ঘোষকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছে এবং এর অডিও রেকর্ড সংরক্ষিত আছে। প্রতিবেদন প্রকাশের পর আরও বেশ কয়েকজন ভুক্তভোগী এই প্রতিবেদকের সঙ্গে যোগাযোগ করেন এবং আরও কিছু তথ্য দিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত