ইনজুরির কারণে ডিপিএল খেলতেই পারছেন না লিটন দাশ। মোস্তাফিজুর রহমানও লিগের মাঝপথে ইনজুরিতে পড়েন। সুপার লিগে খেলতে পারবেন কি না সন্দেহ। একদিন আগে এ তালিকায় যোগ দিয়েছেন তামিম ইকবাল। হাঁটুর ইনজুরিতে ডিপিএলের বাকি অংশ থেকে ছিটকে গেছেন।
তালিকায় সবশেষ যুক্ত হলেন তাসকিন আহমেদ। ১৬ জুন খেলাঘরের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় চোট পান। বাম হাতের আগের ব্যথার অংশ ফেটে যাওয়ায় সেলাই লেগেছে ৫টি। ২৯ জুন জিম্বাবুয়ের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ। ১১ জুলাই থেকে বুলাওয়েতে একমাত্র টেস্ট। ঠিক এমন সময়ে একের পর এক ইনজুরি শঙ্কা জাগাচ্ছে।
যদিও বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী অভয় দিলেন, সব ক্রিকেটারই জিম্বাবুয়ে সিরিজে খেলতে পারবেন। জিম্বাবুয়ে সিরিজের জন্য জাতীয় ক্রিকেটারদের নিয়ে বাড়তি সতর্ক বিসিবির চিকিৎসকরা। প্রয়োজন হলে এই ক্রিকেটারদের প্রিমিয়ার লিগে আর না খেলানোর পক্ষে তিনি, ‘যে ইনজুুরিগুলো আছে এর প্রত্যেকটা রিকভারির জন্য আমাদের হাতে ২-৩ সপ্তাহ সময় আছে। আমি মনে করি ২-৩ সপ্তাহ আমাদের জন্য যথেষ্ট সময়।
এজন্য এই চারজনের কারও সিরিজে অংশগ্রহণের ব্যাপারে আশঙ্কা দেখছি না।’
