হিলি স্থলবন্দরে পাইকারিতে কমেছে পেঁয়াজের দাম

আপডেট : ২১ জুন ২০২১, ০২:৫৫ পিএম

আমদানি করা পেঁয়াজের মান খারাপ হওয়ায় ও চাহিদা কমায় দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ২ থেকে ৩ টাকা।

দুদিন আগেও বন্দরে প্রতি কেজি পেঁয়াজ প্রকারভেদে ২৭ থেকে ৩০ টাকা দরে বিক্রি হলেও এখন তা কমে বিক্রি হচ্ছে ২৪ থেকে ২৮ টাকা দরে। এদিকে পেঁয়াজের দাম কমায় স্বস্তি ফিরেছে নিম্ন আয়ের মানুষজনের মাঝে।

হিলি স্থলবন্দর ঘুরে দেখা গেছে, বন্দর দিয়ে নাসিক ও ইন্দোর এই দুই জাতের পেঁয়াজ আমদানি হচ্ছে। দুদিন আগেও বন্দরে প্রতি কেজি ইন্দোর জাতের পেঁয়াজ বিক্রি হয়েছিল ২৭টাকা কেজি দরে।

বর্তমানে তা কমে ২৪ থেকে ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর নাসিক জাতের পেঁয়াজ ৩০ টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে বিক্রি হচ্ছে ২৮ টাকা কেজি দরে।      

হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ী রবিউল ইসলাম ও সাদ্দাম হোসেন বলেন, সম্প্রতি পেঁয়াজ আমদানি করে লোকসান হওয়ার কারণে আমদানিকারকরা পেঁয়াজের আমদানি কমিয়ে দিয়েছেন। এর ফলে বন্দর দিয়ে আগের তুলনায় পেঁয়াজের আমদানি কমে আসায় পেঁয়াজের দাম বাড়তির দিকে ছিল। কিন্তু গত দু থেকে তিন দিন ধরে টানা বৃষ্টিপাত হওয়ার কারণে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজগুলো মোকাম থেকে শুরু করে বন্দরে আসা পর্যন্ত ট্রাকে ত্রিপল বাধা অবস্থায় থাকছে। যার কারণে পেঁয়াজেও পর্যাপ্ত হাওয়া বাতাস না পাওয়ার কারণে ও গরমের কারণে বন্দর বন্দরে পৌঁছতে পৌঁছতে পেঁয়াজের মান খারাপ হয়ে যাচ্ছে। অনেক পেঁয়াজ গরমের কারণে পচে নষ্ট হয়ে যাচ্ছে।

এ ছাড়া দেশেও গত কয়েক দিন ধরে বৃষ্টিপাত হওয়ার কারণে দেশের বিভিন্ন অঞ্চলের মোকামগুলোতে পেঁয়াজের চাহিদা আগের তুলনায় কমে গেছে।

এছাড়াও দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশের বিভিন্ন জেলাগুলোতে পর্যায়ক্রমে লকডাউন চলছে যার কারণে ওই সব অঞ্চলের হোটেল ও হাটবাজারগুলো বন্ধ থাকায় পেঁয়াজের চাহিদা কমে গেছে। যার কারণে চাহিদা কম ও আমদানিকৃত পেঁয়াজের মান খারাপ হওয়ার কারণে পেঁয়াজ কম দামে বিক্রি করতে হচ্ছে।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, চলতি জুন মাসের ৩ তারিখ থেকে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। তবে পূর্বে বন্দর দিয়ে ৩০ থেকে ৩৫ ট্রাক পেঁয়াজ আমদানি হলেও বর্তমানে আমদানির পরিমাণ কমে ২০ থেকে ২৫ ট্রাকে দাঁড়িয়েছে। পেঁয়াজ যেহেতু কাঁচামাল তাই কাস্টমসের সকল প্রক্রিয়া শেষে অতি দ্রুত পেঁয়াজগুলো বন্দর থেকে ছাড়করণের সব ধরনের ব্যবস্থা রেখেছে বন্দর কর্তৃপক্ষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত