বিধ্বংসী সেঞ্চুরিতেও পারটেক্সকে জেতাতে পারলেন না হাসানউজ্জামান

আপডেট : ২১ জুন ২০২১, ০৪:২২ পিএম

সেঞ্চুরি করেও দলকে জেতাতে পারলেন না হাসানউজ্জামান। অধিনায়কের মারকাটারি ব্যাটিংয়েও ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) রেলিগেশন লিগের ম্যাচে ডিওএইচএস স্পোর্টস ক্লাবের বিপক্ষে ২৩ রানে হেরেছে পারটেক্স স্পোর্টিং ক্লাব।

সোমবার বিকেএসপির ৩ নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৯৯ রান করে ওল্ড ডিওএইচএস। ডিপিএলের এই আসরে যা দলীয় সর্বোচ্চ স্কোর। দলের হয়ে ৫৮ বলে সর্বোচ্চ ৯২ রান করেন রাকিন আহমেদ। তার অপরাজিত ইনিংসটি সাজানো ছিল ১১ চার ও ৩ ছক্কায়।

এ ছাড়া অধিনায়ক মোহাইমিনুল খান ৩৫ বলে ৫০* এবং ওপেনার আনিসুল ইসলাম ইমন ২৩ বলে ৩৪ রান করেন। পারটেক্সের হয়ে একটি উইকেট নেন জুবায়ের হোসেন লিখন।

২০০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় পারটেক্স। স্কোরবোর্ডে এক রান জমা হতেই বিদায় নেন সায়েম আলম (০)। আব্দুর রশিদ তার একই ওভারে ফেরান জনি তালুকদারদেরও (০)। সেখান থেকে দলকে অবিশ্বাস্য প্রতিরোধ এনে দেন হাসানুজ্জামান। খেলেন অধিনায়কোচিত ইনিংস। তৃতীয় উইকেটে আব্বাস মুসাকে নিয়ে গড়েন ১০২ রানের পার্টনারশিপ।

মূসা ২৯ বলে ৩১ রান করে বিদায় নিলেও থামেননি হাসানুজ্জামান। ওল্ড ডিওএইচএসের বোলারদের ওপর চড়াও হয়ে খেলতে থাকেন তিনি। ৪৮ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পা রাখেন হাসানুজ্জামান। যা টুর্নামেন্টে দ্বিতীয় দ্রুততম শতক। তবে সেঞ্চুরি উদ্‌যাপনের পরপরই থামেন পারটেক্স অধিনায়ক। তার ৫২ বলে ১০৫ রানের ইনিংসটি সাজানো ছিল ১১ চার ও ৭ ছক্কায়।

হাসানুজ্জামানের বিদায়ের পর পারটেক্সের আর কেউ দাঁড়াতে পারেননি। ২০ ওভারে ৮ উইকেটে ১৭৬ রানে থামে তারা।

ওল্ড ডিওএইচএসের পক্ষে সর্বোচ্চ তিন উইকেট নেন আব্দুর রশিদ। রকিবুল হাসান ও আসাদুজ্জামান পায়েল নেন দুটি করে উইকেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত