সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উপজেলার বাঙ্গালা ইউনিয়নে অষ্টম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। রবিবার রাতে ওই ছাত্রীর মা বাদী হয়ে এক কিশোরসহ (১৬) পাঁচজনকে আসামি করে উল্লাপাড়া মডেল থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
এ মামলার অপর আসামীরা হলেন, একই গ্রামের মো. রেজাউল করিম খা (৫০), তার স্ত্রী মোছা. নাজমা খাতুন (৪৫), তার ছেলে মো. নাসির উদ্দিন (২৫), মো. আলী আহম্মেদ খা (৪২)।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার এসআই আলাল হোসেন জানান, গত ৯ জুন উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নে ওই মাদ্রাসা ছাত্রীর মা-বাবা আত্মীয় বাড়ি বেড়াতে যায়। ওই ছাত্রী রাতে নিজ বাড়িতে একাই ঘুমিয়ে ছিলেন। এ সুযোগে ওই গ্রামের এক কিশোর রাত ১১টার দিকে ঘরে ঢুকে ছাত্রীকে ধর্ষণ করে। পালানোর সময় মেয়েটি তাকে জাপটে ধরে চিৎকার করে। আশপাশের ঘর ও বাড়ির লোকজন ছুটে এসে কিশোরকে আটক করে। খবর পেয়ে অন্যান্য আসামিরা ছুটে এসে সুষ্ঠু বিচারের কথা বলে অভিযুক্ত কিশোরকে ওই রাতেই ছাড়িয়ে নিয়ে যায়। এরপর তারা বিষয়টি এড়িয়ে যাওয়ায় ওই কিশোরীর মা এ মামলা দায়ের করেন।
তিনি আরো জানান, অভিযুক্ত কিশোর মাদ্রাসায় যাওয়া-আসার পথে প্রায়ই মেয়েটিকে উত্যক্ত করতো। ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ বিষয়ে উল্লাপাড়া থানা সার্কেলের সহকারি পুলিশ সুপার মাহফুজ হোসেন জানান, শিক্ষার্থী ধর্ষণের মামলায় অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
