সিরাজগঞ্জে মাদ্রাসাছাত্রী ধর্ষণের শিকার

আপডেট : ২২ জুন ২০২১, ০২:০২ এএম

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অষ্টম শ্রেণি পড়ুয়া এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বাঙ্গালা ইউনিয়নের গাড়াবাড়ি গ্রামের ওই ঘটনায় গত রবিবার রাতে প্রতিবেশী এক কিশোরসহ পাঁচজনকে আসামি করে থানায় একটি মামলা হয়েছে। অভিযুক্ত কিশোর ওই গ্রামের রেজাউল করিম খানের ছেলে।

উল্লাপাড়া মডেল থানার এসআই আলাল হোসেন জানান, গত ৯ জুন ভুক্তভোগী মেয়েটির বাবা-মা তাদের আত্মীয়র বাড়ি বেড়াতে যান। এতে মেয়েটি ওইদিন রাতে একাই ঘুমিয়ে ছিল। পরে রাত ১১টার দিকে মেয়েটির কক্ষে প্রবেশ করে তাকে ধর্ষণ করে অভিযুক্ত কিশোর। ধর্ষণ শেষে পালিয়ে যাওয়ার সময় ছেলেটিকে ঝাপটে ধরে চিৎকার শুরু করে ওই মেয়ে। পরে আশপাশের লোকজন ছুটে এসে ছেলেটিকে আটক করে। এরপর খবর পেয়ে ছুটে এসে সুষ্ঠু বিচার দেওয়ার কথা বলে ছেলেটিকে ওই রাতেই ছাড়িয়ে নিয়ে যায় মামলার অপর আসামিরা। উল্লাপাড়া থানা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহফুজ হোসেন জানান, অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

এদিকে সাভারের আশুলিয়ার জহুরাচান্দা এলাকায় সাত বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় করা মামলার পলাতক আসামি আবদুল লতিফকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে আশুলিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার এসআই নাসরিন আফরোজ জানান, আসামিকে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত