শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকরাই বাতিঘর : শিক্ষামন্ত্রী

আপডেট : ২২ জুন ২০২১, ০২:০৬ এএম

শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকরাই বাতিঘর বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, ‘শিক্ষকরাই শিক্ষার্থীদের কাছে আদর্শ। প্রশিক্ষণ গ্রহণ করে শিক্ষকরা এসব শিক্ষার্থীর মাঝে তা ছড়িয়ে দেবেন। তারা শুধু শেখাবেন তা-ই নয়, তাদের মানবিক ও নৈতিক মূল্যবোধে গুণান্বিত হতে হবে।’

গতকাল সোমবার অনলাইন প্ল্যাটফর্ম জুম অ্যাপের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘অনলাইনে বিষয়ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণ পর্যালোচনা ও মূল্যায়ন’ শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয় কভিড-১৯ মহামারীর মধ্যে অনলাইনে শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রেখেছে। দেশের উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতে এটি গুরুত্বপূর্ণ দিক বলে আমি মনে করি। অনলাইন শিক্ষকতায় এই প্রশিক্ষণ আরও বেশি কাজে লাগবে। কভিডকালে আমরা একটি ঢেউয়ের মধ্য দিয়ে যাচ্ছি। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও আমাদের অনলাইন এডুকেশন চলমান রয়েছে। এটাকে আরও জোরদার করতে হবে। শিক্ষার্থীরা যেন তাদের ক্ষতি পুষিয়ে উঠতে পারে।’

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ, শিক্ষাসচিব মো. মাহবুব হোসেন।

সভায় শিক্ষামন্ত্রী তার সরকারি বাসভবন হেয়ার রোডের ধলেশ্বরী থেকে প্রশিক্ষণে অংশগ্রহণকারী তিনজন শিক্ষকের হাতে ট্যাব তুলে দেন। অনুষ্ঠানে জাতীয় বিশ^বিদ্যালয়ের ডিন, রেজিস্ট্রার, সিইডিপির প্রকল্প পরিচালক, শিক্ষক প্রশিক্ষণের কোর্স উপদেষ্টা, রিসোর্স পারসন, প্রশিক্ষণার্থীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধানরা সংযুক্ত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত