ইংলিশ ক্রিকেটের নতুন টুর্নামেন্ট দ্য হান্ড্রেড’র উদ্বোধনী আসরের জন্য অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের জায়গায় বার্মিংহাম ফিনিক্সের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি।
করোনা মহামারির কারণে আসন্ন এই টুর্নামেন্টে দলের সঙ্গে কাজ করা হচ্ছে না অস্ট্রেলিয়ান কোচ ম্যাকডোনাল্ডের। তার পরিবর্তে সহকারী কোচের ভূমিকা থেকে প্রথমবার কোনো দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন ভেট্টোরি। তবে ২০২২ সালে পরামর্শক হিসেবে ফের ফিনিক্সের সঙ্গে কাজ শুরু করবেন ম্যাকডোনাল্ড।
এদিকে মোটামুটি নিশ্চিত হওয়া গেছে, ভেট্টোরি আর বাংলাদেশের কোচের দায়িত্বে থাকছেন না। তাকে অবশ্য এখনো আনুষ্ঠানিক বিদায় দেয়নি বাংলাদেশ। তবে টাইগারদের জন্য ইতিমধ্যে স্পিন বোলিং কোচ খোঁজা শুরু করে দিয়েছে বিসিবি। এই পদের জন্য শোনা যাচ্ছে, রঙ্গনা হেরাথ, সাইরাজ বাহুতুলে ও সাঈদ আজমলের নাম।
নিউজিল্যান্ডের হয়ে ১১৩ টেস্ট ও ২৯৫টি ওয়ানডে ম্যাচ খেলেছেন ভেট্টোরি। তিনি বার্মিংহাম ফিনিক্সে ম্যাকডোনাল্ডের সহকারী ছিলেন।
খেলোয়াড়ি জীবন থেকে অবসরের পর কোচিং ক্যারিয়ার শুরু করেন ভেট্টোরি। বিভিন্ন টি-টোয়েন্টি লিগে কোচিংয়ের অভিজ্ঞতা আছে তার। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও বিগ ব্যাশে ব্রিসবেন হিট ও টি-২০ ব্লাস্টে মিডলসেক্সের হয়ে কাজ করেছেন তিনি।
বার্মিংহাম ফিনিক্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পাওয়ার পর ভেট্টোরি বলেন, ‘আমি খুবই সম্মানিত বোধ করছি, বিশেষ করে এই বছর অ্যান্ড্রুর কাছ থেকে এই দায়িত্ব পেয়ে। আমরা নিয়মিত সঙ্গে যোগাযোগ রাখব এবং অ্যান্ড্রুর গুরুত্বপূর্ণ পরামর্শ আমাদের সাফল্য পেতে কাজে লাগবে।’
