মারুফ ঝড়ে রূপগঞ্জের জয়, জয়হীন থেকে ডিপিএল শেষ পারটেক্সের

আপডেট : ২৩ জুন ২০২১, ০২:৪০ পিএম

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) রেলিগেশন রাউন্ডের শেষ ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জ ২৭ রানে হারিয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে।

বুধবার বিকেএসপির ৩ নম্বর মাঠে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২০০ রান করে রূপগঞ্জ। এটিই এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ দলীয় স্কোর।

ওপেনিং জুটিতেই রূপগঞ্জকে ১৬৯ রান এনে দেন দুই ওপেনার মেহেদী মারুফ ও জাকের আলী। ঝড়ো ব্যাটিংয়ে দুজনই পেয়েছেন অর্ধশতক। মারুফের ৬৩ বলে ৯৪ রানের ইনিংসটি সাজানো ছিল ৯ চার ও ৬ ছয়ে। জাকের ৪৮ বলে ৭৬ রান করেছেন ৫ চার ও ৪ ছক্কায়। এছাড়া ৮ বলে অপরাজিত ১৩ রান করেন সাব্বির রহমান।

লক্ষ্য তাড়া করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৩ রানে থামে পারটেক্স। সর্বোচ্চ ৩৮* রান এসেছে ইশারুল ইসলামের ব্যাট থেকে। শেষদিকে ১৪ বলে ৩৭ রানের ক্যামিও খেলে অপরাজিত থাকেন জয়নুল ইসলাম। এ ছাড়া ওপেনার রনি তালুকদার ২৬, রাজিবুল ইসলাম ২০ ও নিহাদুজ্জামান করেন ২৪ রান।

রূপগঞ্জের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন সোহাগ গাজী। ২ উইকেট পেয়েছেন সানজামুল ইসলাম। ম্যাচ সেরা হয়েছেন ৬ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হওয়া মেহেদী মারুফ।

আসরে মোট ১৩ ম্যাচ খেলে ১২ ম্যাচেই হেরেছে পারটেক্স। একটি ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হওয়ায় তাদের পয়েন্ট মাত্র ১। অন্যদিকে এই জয়ে রেলিগেশন রাউন্ডে ২ জয়ে নিয়ে ডিপিএলে টিকে থাকল রূপগঞ্জ। তবে অবনমন ঠেকাতে পারল না ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব ও পারটেক্স।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত