নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৪৫ হাজার টাকার বিনিময়ে এক কেজি গাঁজাসহ রফিকুল ইসলাম ও শাহজাহান নামে দুই মাদক কারবারিকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশ সদস্যের বিরুদ্ধে। রূপগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহরাব হোসেনের বিরুদ্ধে টাকার বিনিময়ে মাদক কারবারিদের ছেড়ে দেওয়ার অভিযোগ পাওয়া যায়।
মঙ্গলবার (২২ জুন) রাতে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মাদক কারবারি রফিকুল ইসলাম কায়েতপাড়া ইউনিয়নের খামারপাড়া এলাকার ও শাহজাহান তালাশকুট এলাকার বাসিন্দা।
এলাকাবাসী অভিযোগ করে জানান, অভিযুক্ত রফিকুল ইসলাম ও শাহজাহান কায়েতপাড়া ইউনিয়নের উত্তরপাড়া, তালাশকুট, খামারপাড়া, কামশাইর, চাঁনখালী, ছুটেরটেকসহ আশপাশে গাঁজা, ইয়াবা, ফেনসিডিলসহ বিভিন্ন মাদক বিক্রি করে আসছে। তারা এসব এলাকায় জুয়ার আসরও বসায়।
জানা যায়, রূপগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহরাব হোসেনের নেতৃত্বে চার-পাঁচ পুলিশ সদস্য মঙ্গলবার (২২ জুন) রাত ৮টার দিকে উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ রফিকুল ইসলাম ও শাহজাহানকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর এলাকাবাসী পুলিশ প্রশাসনের প্রতি সন্তোষ প্রকাশ করে। কিন্তু রাত ১২টার দিকে মাদক কারবারিদের কাছ থেকে ৪৫ হাজার টাকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। জব্দকৃত গাঁজা ফেরত দেওয়ার অভিযোগ পাওয়া যায় দেয়।
এলাকাবাসী অভিযোগ করে আরো জানান, এলাকাবাসীর সামনেই এক কেজি গাঁজাসহ ওই দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেন এএসআই সোহরাব হোসেন।
এ ব্যাপারে অভিযুক্ত রূপগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহরাব হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্যে করতে রাজি হননি।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নিচ্ছি।
