হেফাজতের সাবেক যুগ্ম মহাসচিব নাসির ছয় দিনের রিমান্ডে

আপডেট : ২৩ জুন ২০২১, ১০:৫৯ পিএম

হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব নাসির উদ্দিন মুনিরকে জিজ্ঞাসাবাদের জন্য ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইকবাল এ আদেশ দেন। গত সোমবার নাসির উদ্দিন মুনিরকে হাটহাজারী থানায় নাশকতার অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছিল।

চট্টগ্রাম জেলা পুলিশের পরিদর্শক (প্রসিকিউশন) এস এম হ‌ুমায়ূন কবীর জানান, হাটহাজারী থানা-পুলিশ কারাগারে থাকা নাসির উদ্দিন মুনিরকে একটি মামলায় দশদিনের রিমান্ডে নেওয়ার এবং আরও দুইটি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেছিল। শুনানি শেষে আদালত ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। দুইটি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদনও মঞ্জুর করেছেন।

প্রসঙ্গত, গত ২১ জুন বিকেলে নাসির উদ্দিন মুনিরকে হাটহাজারী উপজেলা থেকে গ্রেপ্তার করে পুলিশ। মুনির হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিন গত ২৬ মার্চ আকস্মিকভাবে হাটহাজারী থানায় আক্রমণ করে ভাঙচুর চালায় হেফাজতে ইসলামের কর্মীরা। স্থানীয় ভূমি অফিসেও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। তাণ্ডব থামাতে পুলিশের চালানো গুলিতে চারজন নিহত হন। এসব ঘটনায় হাটহাজারী থানায় মোট ৯ টি মামলা দায়ের হয়। হাটহাজারীসহ দেশজুড়ে হেফাজতে ইসলামের নাশকতার ঘটনায় সংগঠনটির তৎকালীন যুগ্ম মহাসচিব মামুনুল হক, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী, প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়জী, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক হারুন ইজাহার, জামায়াতের সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীসহ প্রায় শ’খানেক নেতা-কর্মীকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত