বীরগঞ্জে স্বেচ্ছাশ্রম ও চাঁদায় ৩ কিমি সড়ক সংস্কার

আপডেট : ২৪ জুন ২০২১, ০১:০১ এএম

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সুজালপুর ইউনিয়নের মদনপুর গ্রামের ৩ কিলোমিটার কাঁচা রাস্তা স্বেচ্ছাশ্রম ও চাঁদায় সংস্কার করেছেন গ্রামবাসী। রাস্তাটি সংস্কারের ফলে স্বস্তি ফিরেছে ওই গ্রামের কৃষকদের মধ্যে। আর্থিক অসচ্ছলতার কারণে রাস্তা সংস্কার করা হয়নি বলে ইউপি চেয়ারম্যান দাবি করেছেন।

গত রবিবার সকাল থেকে সড়কটি সংস্কার কাজ শুরু করেন ১০ থেকে ১৫ জন যুবক। আজ বৃহস্পতিবার পর্যন্ত রাস্তাটি সংস্কারে সময় লাগবে বলে গ্রামবাসী জানিয়েছেন।

জানা গেছে, বীরগঞ্জ উপজেলার মদনপুর গ্রামে ৩ কিলোমিটার কাঁচা রাস্তা হয়ে চলাচল করতে হয় কয়েকশ মানুষকে। বৃষ্টির সময় রাস্তাটি চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়ে। ফলে দুর্ভোগে পড়তে হয় গ্রামবাসীকে। রাস্তাটি কাঁচা হওয়ায় বড় ধরনের কোনো গাড়ি যেতে পারে না ওই গ্রামে।

স্বেচ্ছাশ্রমে কাজ করা যুবকরা দেশ রূপান্তরকে জানান, রাস্তাটি দীর্ঘদিন ধরে সরকারিভাবে কোনো সংস্কার কাজ করা হয়নি। বিভিন্ন স্থানে মাটি ধসে ভেঙে গেছে। বৃষ্টি হলে সেখানে পানি জমে। চলাচলে সীমাহীন ভোগান্তি পোহাতে হয় এলাকাবাসীকে। সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হন কৃষকরা। তারা মাঠের ফসল ওই রাস্তা দিয়ে ঘরে তুলতে পারছেন না। তাই নিজ উদ্যোগে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নিয়েছেন।

তারা বলেন, তাই বাধ্য হয়ে আমরা এলাকাবাসী রাস্তা সংস্কারে কাজ শুরু করেছি। এ কাজ শেষ হতে বৃহস্পতিবার পর্যন্ত সময় লাগতে পারে।

এলাকাবাসী নিপেন চন্দ্র রায়, রাকেশ রায়, দিলীপ চন্দ্র রায় ও মাধব চন্দ্র রায় দেশ রূপান্তরকে জানানÑ এই এলাকার নির্বাচিত জনপ্রতিনিধিদের অনেক আবেদন করেছি। কিন্তু তারা আমাদের আবেদনকে কোনো গ্রাহ্য করেননি। তাই আমরা চাঁদা তুলে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নিয়েছি। এ পর্যন্ত প্রায় ১০ হাজার টাকা চাঁদা সংগ্রহ করা হয়েছে। সেই টাকা দিয়ে ভাঙা ইট ও রাবিশ দিয়ে রাস্তাটি সংস্কার করা হচ্ছে।

এদিকে ওই গ্রামের কৃষক আহাদ আলী ও নরেশ চন্দ্র দেশ রূপান্তরকে জানান রাস্তাটি দিয়ে আমরা বহু বছর ধরে চলাচল করছি। বর্ষার সময় আমাদের খুব সমস্যা হয়। মাঠের ফসল তুলে বাড়ি নিয়ে যেতে আমাদের অনেক কষ্ট পোহাতে হয়। এবার এলাকার সবাই মিলে রাস্তাটি সংস্কার করায় চলাচলের জন্য আমাদের অনেক উপকার হবে।

এদিকে সুজালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহেশ চন্দ্র রায় দেশ রূপান্তরকে বলেন, এই ইউনিয়ন পরিষদে সীমিত বরাদ্দ থাকায় ওই রাস্তাটি সংস্কার করা সম্ভব হয়নি। তবে সংস্কারের জন্য তালিকাভুক্ত করা হয়েছে। বরাদ্দ পেলে ব্যবস্থা নেওয়া হবে। আগামী অর্থবছরের শুরুতেই রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেওয়া যাবে বলে তিনি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত