চাঁদপুরে রেহান উদ্দিন মিজি (৫৫) নামে এক ব্যবসায়ীকে খুন করেছে দুর্বৃত্তরা। বগুড়া, আখাউড়া ও কুয়াকাটায় পৃথক ঘটনায় চারজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বগুড়ায় অপহৃত এক স্কুলছাত্র ও এক অটোভ্যানচালকের লাশ উদ্ধার হয়েছে। আখাউড়া রেলস্টেশন থেকে অজ্ঞাত এক নারী ও কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিভিন্ন সময়ে এসব লাশ উদ্ধার হয়। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন :
বগুড়া: বগুড়ার শাজাহানপুর উপজেলার জগন্নাথপুর গ্রামের পাশের মাঠের এক ডোবা থেকে গতকাল সকালে হাত-পা বাঁধা ও গলায় ফাঁস দেওয়া অবস্থায় অপহৃত স্কুলছাত্র সাব্বির হোসেনের (১৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের বরাত দিয়ে শাজাহানপুর থানা পুলিশ জানায়, সাব্বির কাহালু উপজেলার জামগ্রামের গোলাম রব্বানীর ছেলে। সে জামগ্রাম উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। তার বাবা পেশায় ইজিবাইকচালক। বাবা অসুস্থ থাকায় সাব্বির ইজিবাইক চালাত। গত মঙ্গলবার সন্ধ্যায় সে ইজিবাইক চালাতে গিয়ে আর ফেরেনি। সাব্বিরের বাবা পরদিন বুধবার কাহালু থানায় জিডি করেন। ওই রাতেই অজ্ঞাত এক ব্যক্তি গোলাম রব্বানীর কাছে মোবাইল ফোনে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
অন্যদিকে আদমদীঘি উপজেলার নশরৎপুর-কড়ই সড়কের ধনতলা মানকাহার নামক স্থানে মাঠ থেকে শামিম হোসেন (৩০) নামে এক অটোভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শামিম নওগাঁর রানীনগর উপজেলার বেলতা গ্রামের সেকান্দার আলীর ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, গত বুধবার রাতে অটোভ্যান নিয়ে যাওয়ার সময় নশরৎপুরের ধনতলা এলাকায় দুর্বৃত্তরা শামিমের পথ রোধ করে। পরে তার হাত-পা বেঁধে গলায় ফাঁস দিয়ে হত্যা করে অটোভ্যান ছিনতাই করে নিয়ে যায়।
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে অজ্ঞাত (৫০) এক নারীর লাশ উদ্ধার করেছে রেল পুলিশ। গতকাল সকালে লাশটি উদ্ধার করা হয়।
পটুয়াখালী : জেলার কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে নিজাম উদ্দিন (১৮) নামে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বেলা একটার দিকে ট্যুরিজম পার্কসংলগ্ন এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত নিজাম কুয়াকাটা পৌর শহরের জয়নাল খানের ছেলে। দুপুরে সৈকতে সাঁতার কাটতে নেমে তিনি নিখোঁজ হন।
চাঁদপুর : চাঁদপুরে রেহান উদ্দিন মিজি (৫৫) নামে এক ব্যবসায়ীকে খুন করেছে দুর্বৃত্তরা। শহরের ট্রাকরোড এলাকায় নিহতের ভাড়া বাসার নিজ কক্ষ থেকে গতকাল বিকেলে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। রেহান উদ্দিন শরীয়তপুর জেলার সখিপুর উপজেলার দক্ষিণ তারাবুনিয়া গ্রামের মৃত আবদুর রব মিজির ছেলে। তার বালি কাটার ড্রেজারের ব্যবসা রয়েছে।
