রাজধানীর কামরাঙ্গীরচর পূর্ব রসুলপুরে একটি নির্মাণাধীন ভবনে ১২ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে ওই কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
ওই কিশোরীর বড় ভাই অভিযোগ করে বলেন, তারা কামরাঙ্গীরচরে থাকেন। গত মঙ্গলবার সন্ধ্যায় তার এক বান্ধবী ঘুরতে যাওয়ার কথা বলে তাকে বাসা থেকে ডেকে পূর্ব রসুলপুর আক্কেল আলী গলির একটি নির্মাণাধীন পাঁচতলা ভবনে নিয়ে যায়। সেখানে হৃদয় (২০) নামে এক যুবক তাকে ধর্ষণ করে। রাত ৮টার দিকে বাসায় ফিরলেও কাউকে বিষয়টি জানায়নি কিশোরীটি। এরপর গতকাল সকালে বাসায় মাথা ঘুরে পড়ে যায় সে। পরে তার কাছ থেকে বিষয়টি জানতে পেরে তাকে কামরাঙ্গীরচর থানায় নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।
বাকপ্রতিবন্ধী নারী ধর্ষণের শিকার : মৌলভীবাজারের কমলগঞ্জে বাকপ্রতিবন্ধী এক নারীকে (২৫) ধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলার ছাতকছড়া গ্রামের ওই ঘটনায় গত বুধবার রাতে আনফর মিয়া (২৭) নামে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে একটি মামলা করেছে ভুক্তভোগীর পরিবার। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে সে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত বুধবার সন্ধ্যার দিকে ফাঁকা বাড়িতে ওই নারীকে একা পেয়ে ধর্ষণ করে আনফর। একপর্যায়ে ওই নারীর চিৎকার শুনে আশপাশের মানুষ জড়ো হলে পালিয়ে যায় সে। এরপর ওই নারীর বাবা বাড়ি ফিরে সবকিছু শুনে ওইদিন রাতেই কমলগঞ্জ থানায় একটি মামলা করেন। কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, মামলার আসামিকে আটকের চেষ্টা চলছে।
সাভারে গ্রেপ্তার তিন : সাভারে এক নারী শ্রমিককে দল বেঁধে ধর্ষণের ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে সাভারের জয়নাবাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো, জয়নাবাড়ি এলাকার লিয়াকত আলীর বাড়ির ভাড়াটিয়া অমিত হাসান (২২), সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার দেলুয়া মধ্যপাড়া গ্রামের তারেক রহমান (২১) নড়াইল জেলার সদর থানার এলাকার কালিয়া গ্রামের রাব্বি (২০)।
