বাগেরহাটে করোনায় উপজেলা পরিষদের চেয়ারম্যানের মায়ের মৃত্যু

আপডেট : ২৬ জুন ২০২১, ১২:৪৯ পিএম

বাগেরহাটে করোনায় আক্রান্ত হয়ে কুলসুম বেগম (৯২) নামে বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার সকালে খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের আহ্বায়ক সরদার নাসির উদ্দিনের মা ছিলেন।

মৃত্যুকালে তিনি ছয় ছেলে, তিন মেয়ে, পুত্রবধূ, নাতি, নাতনিসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

শনিবার স্বাস্থ্যবিধি মেনে জোহরবাদ বাগেরহাট শহরের খারদ্দার এলাকার ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন করা হবে।

কুলসুম বেগমের মৃত্যুতে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন, সদর আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়সহ উপজেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সামাজিক সংগঠন শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।

বাগেরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মিরাজুল করিম বলেন, গত সোমবার কুলসুম বেগমের শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দিলে তাকে করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে নমুনা পরীক্ষায় তার পজিটিভ আসে। এই হাসপাতালে তার অবস্থার অবনতি হলে গত বৃহস্পতিবার সকালে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ছয়টায় তার মৃত্যু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত