মিরসরাইয়ে প্যানেল মেয়রের বিরুদ্ধে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

আপডেট : ২৬ জুন ২০২১, ১০:৩০ পিএম

চট্টগ্রামের মিরসরাই পৌরসভার প্যানেল মেয়র শাখের ইসলাম রাজুর বিরুদ্ধে মো. আজিম হোসেন শাহাদাত (২০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার বিকেলে ফেনী সদর হাসপাতাল মর্গে শাহাদাতের লাশের ময়নাতদন্ত শেষে নিহতের লাশ তাদের গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।

শুক্রবার রাতে মিরসরাই পৌরসভার হোপ মা ও শিশু হাসপাতালে তাকে পিটিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে মিরসরাই থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

রাজু মিরসরাই পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও মিরসরাই পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

নিহত শাহাদাত ফেনী জেলার দাগনভূঁইয়া উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের হাসানগনিপুর এলাকার আব্দুল বাতেনের ছেলে।

আব্দুল বাতেন জানান, শুক্রবার বিকেল ৪টায় তার ছেলে আজিম হোসেন শাহাদাতকে কাউন্সিলর রাজুর লোকজন বাসা থেকে তুলে নিয়ে হোপ মা ও শিশু হাসপাতালের পাঁচ তলায় নিয়ে যায়। আমি রাতে ছেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর পাই। পরে হাসপাতালে গিয়ে দেখি সেখানের একটি কক্ষে লাঠি দিয়ে রাজু ও তার সঙ্গী ফরিদ, তারেক এবং জাহিদ আমার ছেলেকে মারধর করছে। আমি বাঁধা দিলে আমাকেও মারধর করেন। রাজু তার হাতে থাকা লাঠি দিয়ে আমার ছেলের মুখের ওপর জোরে আঘাত করলে তার সামনের দুটি দাঁত পড়ে যায়। এ সময় তার মুখ থেকে রক্ত ঝরতে থাকে। এরপর ছেলেকে নিয়ে দ্রুত চলে যেতে বলে আমাকে। না গেলে আমাকেও মেরে ফেলার হুমকি দেয়া হয়। আমি ছেলেকে নিয়ে ফেনী যাওয়ার পথে সে মারা যায়।

তিনি আরও বলেন, আমার ছেলেকে বিনা অপরাধে রাজু ও তার লোকজন হত্যা করেছে। কি এমন দোষ করল যে তাকে একেবারে মেরে ফেলতে হবে? আমি আমার ছেলে হত্যার বিচার চাই।

খবর নিয়ে জানা গেছে, গত কয়েক দিন আগে বারইয়ারহাট পৌর মাইক্রো স্ট্যান্ডে একটি মোবাইল চুরির ঘটনা ঘটেছে। সেই ঘটনায় বিচার করার নামে আজিমকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার বিকেলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানা গেছে, গত দেড় বছর ধরে নিহত আজিমের মা কাউন্সিলর রাজুর বাসায় গৃহকর্মীর কাজ করছে। বাবা আব্দুল বাতেন একটি বেকারীতে কাজ করেন। মিরসরাই কলেজ রোডের একটি ফার্নিচার দোকানে কাজ করত আজিম। তারা দীর্ঘসময় ধরে মিরসরাই পৌরসভার জিন্নাহর দিঘির পাড় এলাকার আমজাদ মেম্বার বাড়ির নুর হোসেনের ঘরে ভাড়া থাকতেন।

এদিকে ঘটনার পর থেকেই মিরসরাই পৌরসভার প্যানেল মেয়র ও আওয়ামীলীগ নেতা শাখের ইসলাম রাজু আত্মগোপনে আছেন। তার ব্যবহৃত মোবাইল নম্বরে বারবার যোগাযোগ করেও সংযোগ পাওয়া যায়নি।

মিরসরাই থানার ওসি মজিবুর রহমান জানান, নিহতের পিতা আব্দুল বাতেন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ঘটনাস্থল পরিদর্শন করার সময় হাসপাতালের একটি শয়ন কক্ষ থেকে রক্তাক্ত তোশক জব্দ করা হয়েছে। আসামিদের চিহ্নিত করে তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত