সোনাগাজীতে আওয়ামী লীগের কমিটিতে নাম দেখে হতাশ যুবদল নেতা

আপডেট : ২৬ জুন ২০২১, ১১:০২ পিএম

আবু সুফিয়ান মাস্টার ফেনীর সোনাগাজী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক পদে আছেন। সম্প্রতি ঘোষিত উপজেলা আওয়ামী লীগের কমিটিতে সহসভাপতি পদেও তার নাম আছে।

এ ঘটনায় আবু সুফিয়ান মাস্টার নিজেকে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত দাবি করে আওয়ামী লীগের কমিটিতে নিজের নাম দেখে হতাশ হয়েছেন বলে জনিয়েছেন।

এদিকে, দুই সংগঠনের কমিটিতে পদ পাওয়া নিয়ে উভয় দলের নেতা-কর্মীদের মধ্যেই ক্ষোভ দেখা দিয়েছে।

অন্যদিকে, শফি উল্যাহ মাস্টারের নাম লিখতে গিয়ে কম্পিউটারে টাইপিংয়ে ভুলবশত সুফিয়ান মাস্টারের নাম লেখা হয়েছে বলে দাবি করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন।

দলীয় সূত্রে জানা যায়, গত ১০ ফেব্রুয়ারি জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন ও সাধারণ সম্পাদক খন্দকার নাছির উদ্দিন ৪২ সদস্যবিশিষ্ট সোনাগাজী উপজেলা যুবদলের একটি আহ্বায়ক কমিটির অনুমোদন দেন। ঘোষিত ওই কমিটির ৮ নম্বর যুগ্ম আহ্বায়ক হিসেবে নাম আছে আবু সুফিয়ান মাস্টারের।

অপর দিকে ২০ জুন উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়। ঘোষিত কমিটিতে সভাপতির পরে আবু সুফিয়ান মাস্টারকে ৭ নম্বর সহসভাপতি হিসেবে উল্লেখ করা হয়। দলীয় প্যাডে স্বাক্ষর দিয়ে এ কমিটির অনুমোদন দিয়েছেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাফেজ আহাম্মদ ও সাধারণ সম্পাদক সাংসদ নিজাম উদ্দিন হাজারী।

আবু সুফিয়ান মাস্টার জানান, তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। কখনো আওয়ামী লীগের রাজনীতি করেননি। বর্তমানে তিনি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে আছেন। হঠাৎ করে সদ্য ঘোষিত আওয়ামী লীগের কমিটিতে তার নাম দেখে তিনি হতাশ হয়েছেন।

তিনি বলেন, এ নিয়ে তিনি বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন। পরে বিষয়টি জেলা-উপজেলা বিএনপি ও যুবদলের নেতাদেরও জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত