দুধের ন্যায্যমূল্য না পাওয়ায় মাটিতে ঢেলে প্রতিবাদ

আপডেট : ২৭ জুন ২০২১, ০১:২১ এএম

নাটোরের সিংড়ায় দুধের ন্যায্যমূল্য না পাওয়ায় খামারিরা দুধ মাটিতে ঢেলে প্রতিবাদ করেছেন। গতকাল শনিবার সকালে উপজেলার বাহাদুরপুর বটতলা এলাকায় প্রায় ৩০ জন খামারি দুধ ঢেলে বাড়িতে যান।

কোনো কোনো দিন ১৫-২০ টাকা দরে দুধ বিক্রি করতে হয়, এতে করে লোকসানে পড়েন খামারিরা; বিশেষ করে খড় ও ভুষির দাম বেশি এবং দুধের দাম কম হওয়ায় খামারিরা আগ্রহ হারিয়ে ফেলছেন। এ কারণে সরকারি ব্যবস্থাপনায় দুগ্ধ খামার গড়ে তোলার দাবি জানান খামারিরা। জানা যায়, নাটোরের সিংড়া উপজেলার ১২ ইউনিয়নে প্রায় ৬০০টি গরুর খামার রয়েছে। স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি প্রতিদিন ৩০-৪০ লিটার দুধ একেকজন খামারি বিক্রি করতে আসেন। কিন্তু লকডাউনের কারণে বাজার মন্দা থাকায় দুধ নেওয়ার মতো ক্রেতা থাকে না।

উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. খুরশিদ আলম জানান, কলম, চামারী, হাতিয়ান্দহ এলাকায় বহু খামারি আছেন। চামারী ও হাতিয়ান্দহতে বেসরকারিভাবে প্রাণ ও আড়ং দুধ ক্রয় করে। শুক্রবার কিংবা অন্যান্য ছুটির দিন দুধ নেওয়া বন্ধ থাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত