চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে মহানগরী পর্যন্ত কর্ণফুলী নদীর পাড়ে লিজ দিয়ে কোনো ধরনের শিল্প কল-কারখানা নির্মাণ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেন, ‘চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনসহ একটি সুন্দর নগরী বিনির্মাণে প্রধানমন্ত্রী বিভিন্ন প্রকল্প অনুমোদন দিয়েছেন এবং সেগুলো বাস্তবায়ন হচ্ছে। এই কাজগুলো যাতে সঠিকভাবে দ্রুত হয় এবং বাস্তবায়নের সময় কোথাও কোনো ত্রুটি চিহ্নিত হলে সেগুলো সমাধান করা হবে।’
গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসন, কর্ণফুলী নদীর নাব্য বৃদ্ধি, দখল ও দূষণরোধে গৃহীত কার্যক্রম পর্যালোচনা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
