বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নারীসহ আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। ৪১২টি নমুনা পরীক্ষা করে ১৭৭ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় (শনিবার ভোর ছয়টা থেকে রোববার ভোর ছয়টায়) সংক্রমণের হার ৪২ শতাংশ। যা গত ২৪ ঘণ্টার তুলনায় ২২ শতাংশ বেশি।
এই নিয়ে বাগেরহাট জেলায় করোনাভাইরাস সংক্রমণের প্রথম ও দ্বিতীয় ঢেউয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল তিন হাজার ৫৮ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন দুই হাজার ৩৮ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৮ জন বলে জানিয়েছে জেলা সিভিল সার্জনের কার্যালয়।
বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন, বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় নারীসহ আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় বাগেরহাটে রেকর্ড ৪১২ জনের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করা হয়েছে।
এই নমুনা পরীক্ষায় ১৭৭ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়। সংক্রমণের হার ৪২ শতাংশ। যা গত ২৪ ঘণ্টার তুলনায় ২২ শতাংশ বেশি।
এদিকে, বাগেরহাটে করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় স্থানীয় প্রশাসনের আরোপ করা সাত দিনের কঠোর বিধিনিষেধ চতুর্থ দিনের মতো অব্যাহত রয়েছে। চার দিন ধরে দোকানপাট, শপিংমল ও অভ্যন্তরীণ ১৬টি রুটে যান চলাচল বন্ধ রয়েছে। স্থানীয়দের বাড়িতে রাখতে এবং বাইরে বেরোনো মানুষদের স্বাস্থ্যবিধি প্রতিপালনে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। স্বাস্থ্যবিধি না মানলে এবং অপ্রয়োজনে বাড়ির বাইরে আসলে তাদের জরিমানা করছে তারা।
গত তিন দিনে স্বাস্থ্যবিধি প্রতিপালন না করায় প্রায় লক্ষাধিক টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময়ে মামলা করে ১৬৩ জনের বিরুদ্ধে।
বাগেরহাট জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মোহাম্মদ শাহজাহান বলেন, বাগেরহাটে করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় গত ২৪ জুন থেকে সাত দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়।
এই বিধিনিষেধ না মেনে যারা অপ্রয়োজনে বাড়ির বাইরে আসছেন এবং স্বাস্থ্যবিধি প্রতিপালন করছেন না তাদের বিরুদ্ধে মামলাসহ জরিমানা করা হচ্ছে। সংক্রমণরোধে বাগেরহাটের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত প্রতিদিনই কঠোর নজরদারি করছে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকার আহ্বান জানান এই কর্মকর্তা।
বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক বলেন, বাগেরহাটে করোনাভাইরাসের সংক্রমণের হার ঊর্ধ্বগতি হওয়ায় স্থানীয়ভাবে সাত দিনের কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। জেলা শহরের সব ব্যবসা প্রতিষ্ঠান ও বাস চলাচল বন্ধ রয়েছে। বাগেরহাটের বিভিন্ন পয়েন্টে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে।
এ ছাড়া পুলিশের একাধিক দল টহল দিচ্ছে। বিধিনিষেধের মধ্যেও কিছু মানুষ অপ্রয়োজনে ঘরের বাইরে এসে ঘোরাঘুরি করছে। আমরা তাদের বুঝিয়ে বাড়িতে ফিরিয়ে দিচ্ছি।
