২ বছরের বাচ্চার শ্বাসনালিতে আটকে ছিল পেরেক!

আপডেট : ২৭ জুন ২০২১, ০৩:৫৮ পিএম

রুদ্ধশ্বাস অস্ত্রোপচারের মাধ্যমে দুই বছর বয়সী এক বাচ্চার শ্বাসনালি থেকে পেরেক বের করেছেন চিকিৎসকেরা।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রাথমিক চিকিৎসার পরেও সুস্থ না হাওয়ায় বাচ্চাটিকে কলকাতার এসএসকেএমে রেফার করা হয়েছিল। রবিবার সকালে ঘণ্টা দুয়েক ধরে অস্ত্রোপচারের পর বাচ্চাটির শ্বাসনালি থেকে পেরেকটিকে বের করেছেন এসএসকেএমের চিকিৎসকেরা।

মুস্তাকিম আলি নামের বাচ্চাটির বাড়ি উত্তর দিনাজপুরের হাতগাছি এলাকায়। তার শ্বাসনালির ডান দিকে একটি ৬-৭ সেন্টিমিটার লম্বা পেরেক গেঁথেছিল। রবিবার সকালে অস্ত্রোপচারের পর সে সুস্থ রয়েছে।

এই মুহূর্তে পেডিয়াট্রিক আইসিইউ-তে রয়েছে বাচ্চাটি।

মুস্তাকিমের পরিবার জানিয়েছে, শনিবার পেরেক গিলে ফেলার পর থেকেই বমি ও শ্বাসকষ্ট হতে থাকে বাচ্চাটির। এর পর প্রাথমিক চিকিৎসার জন্য তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে এসএসকেএমে রেফার করা হয়েছিল।

এসএসকেএম কর্তৃপক্ষ জানিয়েছেন, রবিবার সকাল ৭টা থেকে রিজিড ব্রঙ্কোস্কপি পদ্ধতিতে মুস্তাকিমের অস্ত্রোপচার শুরু হয়েছিল। নাক, কান, গলার চিকিৎসা বিভাগের বিভাগীয় প্রধান অরুণাভ সেনগুপ্তের তত্ত্বাবধানে ৪ সদস্যের চিকিৎসক দল এই অস্ত্রোপচার করে।

চিকিৎসকেরা জানিয়েছেন, পেরেকটি মুস্তাকিমের শ্বাসনালিতে গেঁথে থাকার কারণে তার বমি ও শ্বাসকষ্ট হচ্ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত