‘আমার ভাইকে চেনা যাচ্ছে না, পুরো শরীর দিয়ে রক্ত ঝরছে’

আপডেট : ২৭ জুন ২০২১, ১১:১২ পিএম

রবিবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারের ওয়ারলেস গেটে বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন ইমরান। রাত ১০টা পর্যন্ত এ ঘটনায় অন্তত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আহত ইমরানের ছোটবোন আইরিন জানান, তাদের বাসা শান্তিনগর। ইমরান স্ত্রী নিয়ে মগবাজারে থাকতেন। তিন বছর আগে তাদের বিয়ে হয়। তাদের কোনো সন্তান নেই। দুই বছর ধরে ইমরান ওয়ারলেসে ‘বেঙ্গল মিট’ নামে মাংসের দোকানে সেলসম্যানের চাকরি করছিলেন।

আইরিন জানান, সন্ধ্যায় লোক মারফত খবর পান মগবাজারে তাদের দোকানের পাশে বিস্ফোরণ হয়েছে। ইমরানকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

তিনি বলেন, ‘আমার ভাইকে চেনা যাচ্ছে না। পুরো শরীর দিয়ে রক্ত ঝরছে। ওকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছে’।

দুর্ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ‘শর্মা হাউস’ ভবনে রবিবার সন্ধ্যায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। ভবনটি থেকে অন্তত ৩০ গজ দূরে আড়ংয়ের শোরুমও ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের সময় রাস্তা চলাচলরত ১৫-১৬টি বাস ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও  প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইয়ুব হোসেন বলেন, বিস্ফোরণের ঘটনায় অন্তত ৩৬ জনকে এখানে আনা হয়েছে। তারমধ্যে দেড় বছরের শিশুসহ চারজন মারা গেছেন। তবে ঘটনাস্থল থেকেই তাদের মৃত অবস্থায় আনা হয়েছে।

আহতদের আশপাশের কয়েকটি হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় হাসপাতালেও কয়েকজনের লাশ দেখা গেছে।

ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম রাত সাড়ে ১০টার দিকে বলেন, আমরা এই পর্যন্ত তথ্য পেয়েছি যে এই ঘটনায় সাতজন নিহত হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত