সিনেমার জন্য বিশ্ববিদ্যালয় ছাড়লেন ইরফানের ছেলে

আপডেট : ২৮ জুন ২০২১, ১১:৪৩ এএম

লন্ডনের ওয়েস্ট মিনস্টার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিলেন প্রয়াত ইরফান খানের পুত্র বাবিল খান। পড়াশোনার প্রতি তার অনুরাগের কথা অনেকেই জানেন। কিন্তু সেই বাবিলই এবার পড়াশোনা ছাড়লেন।

তরুণ এ অভিনেতা ইনস্টাগ্রাম পোস্টে জানান, এবার অভিনয়েই শতভাগ মনযোগ দিতে চান। আর সেই কারণেই সিনেমা নিয়ে তিনি যে পড়াশোনা করছিলেন তা স্থগিত রাখার সিদ্ধান্ত।

বাবিল লেখেন, “বন্ধুরা, তোমাদের সবাইকে খুব মিস করব। মুম্বাইয়ের আমার হাতেগোনা কয়েক বন্ধু রয়েছে। খুব বেশি ২-৩ জন। এই অদ্ভুত ঠান্ডা জায়গায় তোমরা আমাকে বাড়ির মতো ভালোবাসা দিয়েছো। ফিল্ম বিএ, আজ থেকে ড্রপ আউট করলাম। বিদায় ইউনিভার্সিটি অব ওয়েস্টমিনস্টার।”

ইরফানের মৃত্যুর পর থেকে ইনস্টাগ্রামে বেশ সক্রিয় এই স্টারকিড। মাঝেমধ্যেই শেয়ার করেন বাবার সঙ্গে কাটানো একান্ত মুহূর্ত।

ইতিমধ্যেই নেটফ্লিক্সের জন্য আনুশকা শর্মা প্রযোজিত ‘কালা’ ছবিতে অভিনেতা হিসেবে ডেবিউ করছেন বাবিল। বিপরীতে থাকবেন একই প্রযোজকের ‘বুলবুল’-খ্যাত তৃপ্তি ডিমরি।

এ দিকে দিন দুই-এক আগে বাবিলের ঝুলিয়ে যোগ হয়েছে আরও এক ছবি। পরিচালক সুজিত সরকারের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন তিনি। প্রযোজনা করবেন রনি লাহিড়ি। শনিবার সোশ্যাল মিডিয়ায় রনি এই খবর জানিয়েছেন।

বাবিল ও সুজিতের সঙ্গে কিছু ছবি শেয়ার করেছেন প্রযোজক। দেখা যাচ্ছে, আসন্ন প্রজেক্ট নিয়ে আলোচনায় ব্যস্ত তিনজন। রনি লেখেন, “আপনার ঐতিহ্য এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সম্মানিত বোধ করছি ইরফান স্যার। আপনার মতো কিংবদন্তির সঙ্গে কাজ করেছিলাম। এবার বাবিল।”

এর আগে অমিতাভ বচ্চন, ইরফান খান ও দীপিকা পাড়ুকোনের ‘পিকু’ ছবিতে সুজিত ও রনি একসঙ্গে কাজ করেছিলেন। তবে বাবিলকে নিয়ে কী ছবি তৈরি করছেন, সে সম্পর্কে কোনো কথা বলেননি নির্মাতারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত