লকডাউনের কারণে আটকে পড়া শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে সাত বিভাগের উদ্দেশ্যে ১৫টি বাস ছেড়ে গেছে।
সোমবার সকাল আটটায় বিশ্ববিদ্যালয় থেকে ক্রমান্বয়ে সব কটি বাস ছেড়ে যায়।
ঢাকা, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম, রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের উদ্দেশে্যে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব এবং ভাড়া করা বাসে করে শিক্ষার্থীদের বিভাগীয় শহরে পৌঁছে দিতে রওনা করেছে ১৫টি বাস। বিষয়টি নিশ্চিত করেছেন পরিবহন প্রশাসক ড. আরিফুর রহমান।
লকডাউনে সড়কে বাস চলাচলে যেন কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি না হয় সে জন্য ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার এবং পুলিশ সুপারের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়টির প্রক্টর অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধান।
তিনি আরও বলেন, তাদের অবগত করণের মধ্য দিয়ে সকল বিভাগের প্রশাসনকে অবগত করা হয়েছে। যেন আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভাগীয় শহরে পৌঁছে দিতে কোনো সমস্যা না হয়।
শিক্ষার্থীদের বাড়ি ফেরা নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান বলেন, আমরা পরীক্ষা নিতে চেয়েছিলাম। কিন্তু জাতীয়ভাবে লকডাউনের কারণে সম্ভব হয়নি। আমরা প্রত্যাশা করি খুব দ্রুতই সংকট কেটে যাবে। শিক্ষার্থীরা যেন নিরাপদে পৌঁছতে পারে সেই জন্যেই কাজ করা হয়েছে । মায়ের অসুস্থতার কারণে আমি থাকতে পারিনি। না হলে আমার শিক্ষার্থীদের বাস ছাড়ার সময় উপস্থিত হতাম।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের শিক্ষার্থীদের বাড়ি পৌঁছানো কার্যক্রমে স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
