নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক কিশোরী নিহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয় ১৫ থেকে ২০টি বাড়িঘর।
সোমবার সকালে রায়পুরা উপজেলার পাড়াতলী ইউনিয়নের কাচারিকান্দি গ্রামে একটি বিল থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত আফাসানা আক্তার (১৬) কাচারিকান্দি গ্রামের নান্নু মিয়ার মেয়ে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই এলাকায় স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রয়াত ফজলু মেম্বারের সমর্থিতদের সাথে শাহ আলম মেম্বারের দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে গত মাসে দুই পক্ষের মধ্যে টানা ৩ দিন সংঘর্ষ হয়।
এতে ওই সংঘর্ষে ৩ জন নিহতসহ শতাধিক লোক আহত হয়।
এরই মধ্যে রবিবার রাতে প্রয়াত ফজলু মেম্বারের সমর্থকরা শাহ আলম মেম্বারের সমর্থকদের বাড়িঘরে হামলা চালায়।
ওই সময় ১৫ থেকে ২০টি বাড়িঘর ভাংচুরসহ অগ্নিসংযোগ করা হয়। এ সময় প্রতিপক্ষদের বাধা দিতে গেলে কাচারিকান্দি গ্রামের নান্নু মিয়ার মেয়ে আফাসানা আক্তারকে ধরে নিয়ে যায় তারা।
সকালে কাচীকান্দি মাদ্রসা সংলগ্ন একটি চরের মাঝখানে আফসানার লাশ দেখতে পায় স্থানীয়রা।
পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, এলাকার আধিপত্য নিয়ে দুই পক্ষের মধ্যে পূর্ব থেকেই দ্বন্দ্ব চলে আসছিল। এরই মধ্যে প্রয়াত ফজলু মেম্বারের সমর্থকরা শাহ আলম সমর্থকদের উপর হামলা চালায়।
ধারণা কার হচ্ছে, ওই সময় বাড়িতে কোনো পুরুষ লোক ছিল না। মেয়েটা বাধা দিতে আসার কারণে তাকে ধরে নিয়ে যায়। বিষয়টি নিয়ে এলাকা থেকে বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
