পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় জাল কাগজপত্র তৈরি করে কৃষি ব্যাংক থেকে ঋণ নেওয়ার চেষ্টার অভিযোগে আনোয়ারুল ইসলাম (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় গত রবিবার রাতে স্বরূপকাঠি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আলতাফ হোসেন বাদী হয়ে তার বিরুদ্ধে থানায় মামলা করেন।
আনোয়ারুল ইসলামের বাড়ি নেছারাবাদ উপজেলার অলংকারকাঠি গ্রামে।
পুলিশ সূত্রে জানা গেছে, আনোয়ারুল বিএস খতিয়ান ও দাখিলার জাল কাগজপত্র তৈরি করে কৃষি ব্যাংকের স্বরূপকাঠি শাখায় ঋণের জন্য আবেদন করেছিলেন। কৃষি ব্যাংক থেকে কাগজপত্র যাচাই-বাছাইয়ের সময় তার কাগজপত্র ত্রুটিপূর্ণ মনে হওয়ায় নেছারাবাদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বশির গাজীকে জানানো হয়। এরপর আনোয়ারুলের কাগজপত্র জাল প্রমাণিত হয়।
রবিবার বিকেলে তাকে আটক করে পুলিশ। এ ঘটনায় স্বরূপকাঠি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আলতাফ হোসেন বাদী হয়ে থানায় মামলা করেন।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মাদ হোসেন বলেন, আনোয়ারুল ইসলামকে আদালতে সোপর্দ করা হয়েছে।
