গ্যালারিতে পগবা-এমবাপ্পের পরিবারের সঙ্গে ঝগড়া করলেন র‌্যাবিওটের মা

আপডেট : ৩০ জুন ২০২১, ০২:২১ পিএম

ইউরো চ্যাম্পিয়নশিপে সুইজারল্যান্ডের বিপক্ষে টাইব্রেকারে হেরে শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে ফ্রান্স। পেনাল্টি শুটআউটে গোল করতে ব্যর্থ হন কিলিয়ান এমবাপ্পে।

মাঠে কঠিন এক রাত পার করা বিশ্ব চ্যাম্পিয়নদের এই বিদায় গ্যালারিতে বসে দেখেছেন পল পগবা, এমবাপ্পে ও আদ্রিয়ান র‌্যাবিওটের পরিবার। আর সেখানেই পগবা-এমবাপ্পের পরিবারের সঙ্গে ঝগড়া করেছেন র‌্যাবিওটের মা ভেরোনিক র‌্যাবিওট। ফরাসি গণমাধ্যম আরএমসি স্পোর্টের বরাতে এমনটাই জানিয়েছে স্প্যানিশ ক্রীড়া মাধ্যম মার্কা।

পগবার দুর্দান্ত এক গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে দিয়েছিল ফ্রান্স। কিন্তু শেষ মুহূর্তের দুই গোল করে সমতায় ফেরে সুইজারল্যান্ড। আর ৫-৪ ব্যবধানে টাইব্রেকারে জিতে শেষ আট নিশ্চিত করে সুইসরা।

এমবাপ্পের পেনাল্টি মিসের পর তার বাবার সঙ্গে ঝগড়া করেন ভেরোনিক। এমনকি তার ছেলেকে আরেকটু কম উদ্ধত হওয়ার শিক্ষা দিতেও বলেন র‌্যাবিওটের মা।

এর আগে সুইসদের তৃতীয় গোলের পর পগবার মায়ের সঙ্গে ঝগড়া লাগান তিনি। গোলটিতে ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার বল ছেড়ে দিয়েছিলেন দাবি করেন ভেরোনিক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত