ফরিদপুর রেলস্টেশন মাস্টারের ওপর হামলার ঘটনায় ভারত থেকে আসা মালবাহী চারটি ট্রেনের পণ্য আনলোড বন্ধ রয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার সময় দুর্বৃত্তরা এই হামলা চালায়। পরে পুলিশ আসলে হামলাকারী পালিয়ে যায়।
স্টেশন মাস্টার মো. তাকদির হোসেন বলেন, দেশ ও বিদেশ থেকে আসা পণ্যবাহী ট্রেনের পণ্য আনলোডকে কেন্দ্র করে সৈয়দ কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্টকে শর্ত ভঙ্গের কারণে বাতিল করা হয়। এতে প্রতিষ্ঠানটির লোকজন ক্ষুব্ধ হয়।
তিনি বলেন, বুধবার রাত সাড়ে ১১টার সময়ে ২০/২৫ জন ব্যক্তি এসে স্টেশনে আমার কক্ষে হামলা চালায়। বিষয়টি আইনশৃঙখলা বাহিনীকে জানালে তারা দ্রুত এসে আমাকে রক্ষা করে।
তিনি বলেন, বিষয়টি রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে এবং সংশ্লিষ্ট্য থানার আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. জামাল পাশা জানান, স্টেশনের পণ্য আনলোড করাকে কেন্দ্র করে বিরোধ ছিল। আমরা খবর পাওয়া মাত্রই পুলিশ পাঠিয়ে ছিলাম। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এছাড়াও রেলস্টেশন মাস্টার বা কর্তৃপক্ষ কোনো লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে।
প্রসঙ্গত, ভারতসহ দেশের বিভিন্ন স্থান থেকে ফরিদপুরে রেল স্টেশনে চাল, গম, পাথরসহ বিভিন্ন পণ্য আমদানি করে ডিএনকো লিমিটেড, আলাউদ্দিন ট্রের্ড, ওয়াহিদ কনস্ট্রাকশন, মন্ডল ট্রের্ডাস, মজুমদার ব্রাদার্স, হারন-গফ্ফার লিমিটেড।
