করোনা মহামারি থেকে রক্ষায় সরকার ঘোষিত ‘কঠোর বিধি-নিষেধ’ সফল করতে ক্ষেতমজুরসহ গ্রামীণ শ্রমজীবী মানুষের জন্য খাদ্য সহায়তা ও চিকিৎসার নিশ্চয়তার দাবি জানিয়েছে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি।
রাজধানীর পুরানা পল্টন মোড়ে বুধবার ক্ষেতমজুর সমিতি আয়োজিত এক সমাবেশে নেতৃবৃন্দ এ দাবি জানান।
সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. ফজলুর রহমান বলেন, অতীতে যত লকডাউন হয়েছে তাতে দেখা গেছে ‘দিন আনে দিন খাওয়া’ মানুষ সবচেয়ে বেশি কষ্ট করে। তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা না পারায় এসব মানুষ রাস্তায় নেমে এসেছে। ফলে করোনা মহামারি মোকাবিলায় সকল গরিব মানুষদের খাদ্য নিরাপত্তা, রেশনিং ব্যবস্থা চালু, গ্রামের মানুষের করোনা টেস্ট ও ভ্যাকসিন দিতে হবে। বিশ্বের বিভিন্ন দেশ যারা পরিকল্পিতভাবে লকডাউন দিতে পেরেছে তারা সফল হয়েছে।
আরও বলেন, বর্তমানে ঢাকা শহর থেকে গ্রামের মানুষ বাড়ি ফিরে যাচ্ছে। শহরের অনিশ্চিত জীবন থেকে বাঁচতে অতিরিক্ত টাকা খরচ করে বাধ্য হয়ে গ্রামে যাচ্ছে। করোনাকালে প্রণোদনার নামে বড়লোক ব্যবসায়ীদের জন্য সরকার কোটি কোটি টাকা বরাদ্দ রাখলেও গরিব মানুষের ভাগ্যে কিছুই জোটে না। গত প্রায় দেড় বছরে করোনাকালে আড়াই কোটি মানুষ নতুন করে দরিদ্র হয়েছে। অথচ সরকার মাত্র প্রথমবার ৫০ লাখ ও দ্বিতীয়বার ৩৫ লাখ পরিবারকে ২৫০০ টাকা করে প্রণোদনার ব্যবস্থা করে। যেখানে বেশির ভাগই লুটপাট হয়ে যায়।
সমাবেশে নেতৃবৃন্দ ৭ দিন ‘কঠোর বিধি-নিষেধে’ কোন গরিব মানুষ যেন ক্ষুধায় কষ্ট না পায় এবং হাসপাতালে যাতে পর্যাপ্ত চিকিৎসা সেবা পায় তার নিশ্চয়তার দাবি করেন। অন্যথায় ক্ষেতমজুর সমিতির উদ্যোগে আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন তারা।
সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক অ্যাড. আনোয়ার হোসেন রেজা, সহসাধারণ সম্পাদক অর্ণব সরকার বাপ্পী, হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াত, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক দীপক শীল।
