জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) রসায়ন বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী জাহিদ হাসান গত কয়েক দিন যাবৎ নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছে তার পরিবার। জাহিদের সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা কামনা করা হয়েছে।
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের গ্যালারি কক্ষে এক সংবাদ সম্মেলনে জাহিদের সন্ধান চায় তার পরিবার।
জাহিদের পরিবারের পক্ষ থেকে বলা হয়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী মিরপুরের মেস থেকে বের হওয়ার পর আর বাসায় ফিরে আসেনি জাহিদ। তার ব্যবহৃত মোবাইল দুটি বন্ধ পাওয়া যাচ্ছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে শনিবার পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) এবং পরে অভিযোগ দায়ের করা হয়।
সংবাদ সম্মেলনে জাহিদের মা আকলিমা বেগম বলেন, ‘জাহিদ নিখোঁজ হওয়ার পর বিভিন্ন মোবাইল নম্বর থেকে ফোন দিয়ে মুক্তিপণ দাবি করা হয়েছে। আমরা সামর্থ্য অনুযায়ী কিছু টাকা পাঠিয়েছি। তারপরেও আমার ছেলের কোন সন্ধান তারা দেয়নি। টাকা দেওয়ার পরেই মোবাইল বন্ধ পাওয়া যায়। আমার ছেলের খোঁজ পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করছি।’
জাহিদের স্ত্রী হাফসা বলেন, ‘আমার এক বছরের শিশুকন্যা ওর বাবার সাথে কথা বলতে পারছে না। সারাক্ষণ মোবাইলে বাবার ছবি দেখে আব্বু, আব্বু ডাকে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। যত দ্রুত সম্ভব আমার স্বামীর সন্ধান চাই।’
এ বিষয়ে পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম বলেন, ‘জাহিদ হাসানকে উদ্ধার করতে আমরা সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। গত মঙ্গলবার মৌলভীবাজারে জাহিদকে পাওয়া গেছে বলে আমরা খবর পাই। কিন্তু অভিযান পরিচালনা করে সেখানে তাকে পাওয়া যায়নি। পরিবার দাবি করছে, গত ২৬ জুন জাহিদের ফোন থেকে কল এসেছে, কিন্তু এর সত্যতা আমরা পাইনি। সর্বশেষ ২৪ জুন জাহিদের ফোন চালু ছিল।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সভাপতি অধ্যাপক মাহবুব কবীর, অধ্যাপক সুবর্ণা কর্মকার, সহযোগী অধ্যাপক আওলাদ হোসেন। এ ছাড়া জাহিদের সহপাঠীরা উপস্থিত ছিলেন।
