নির্বাচক হিসেবে প্রথম সফরের অনুভূতি জানালেন রাজ্জাক

আপডেট : ০১ জুলাই ২০২১, ০৯:২১ পিএম

খেলোয়াড় হিসেবে জিম্বাবুয়েতে রয়েছে অনেক স্মৃতি। অনেক ম্যাচ জয়ে রেখেছেন বড় ভূমিকা। সবমিলে ক্রিকেটের জন্য জিম্বাবুয়ে দেশটা আব্দুর রাজ্জাকের কাছে একটু বেশিই প্রিয়। সেই প্রিয় দেশেই নির্বাচক হিসেবে প্রথম সফর তার। রাজ্জাকের মনে যা ভিন্ন অনুভূতির সঞ্চার করেছে স্বাভাবিকভাবেই।

একটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ দল এখন জিম্বাবুয়েতে। মঙ্গলবার হারারেতে পৌঁছে একদিন বিশ্রামের পর বৃহস্পতিবার অনুশীলন করেন ক্রিকেটাররা। যেখানে পর্যবেক্ষকের ভূমিকায় ছিলেন রাজ্জাক।

জাতীয় দলের সঙ্গে নিজের নতুন এই রোল নিয়ে রাজ্জাক বলছিলেন, ‘অবশ্যই এটা আমার জন্য একটা ভিন্ন অভিজ্ঞতা। আর জিম্বাবুয়ের এই পরিবেশটা আমার ভালো লাগে ক্রিকেটের জন্য। এখানের যে আবহাওয়া, এটাও ভালো। উইকেটটা একটু কঠিন থাকে, বিশেষত স্পিনারদের জন্য। তা ছাড়া বাকি সবকিছুই সুন্দর…।’

বিসিবি প্রেরিত ভিডিও বার্তায় রাজ্জাক আরো বলেন, ‘আর ফ্যাসিলিটর কথা যদি বলেন, কিছু কম্প্রোমাইজ তো করতেই হয়। সবকিছু মিলিয়ে ভালো…। এর আগে যতবারই এসেছি প্র্যাকটিস করছি, কাজ করে চলে গিয়েছি। এবার দেখা কাজ, একটু তো ডিফারেন্ট আছেই দুইটার মধ্যে।’

এই সফরে টাইগারদের স্পিন কোচ হিসেবে যোগ দিয়েছেন শ্রীলঙ্কান কিংবদন্তি রঙ্গনা হেরাথ। রাজ্জাক নিজেও দেশের অন্যতম সফল স্পিনার। খেলোয়াড়দের যে কোনো প্রয়োজনে পাশে থাকার কথাই জানালেন তিনি, ‘ওদের যদি কখনো প্রয়োজন হয়, আমি সব সময় পাশে আছি।’

জাতীয় দলের হয়ে ১৩টি টেস্ট, ১৫৩ ওয়ানডে ও ৩৪ টি-টোয়েন্টি খেলা রাজ্জাক জানুয়ারিতে নির্বাচক হিসেবে যোগ দেন। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু ও হাবিবুল বাশার সুমনের সঙ্গে কমিটির তৃতীয় সদস্য তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত