নিখোঁজের পরদিন স্কুলছাত্রীর মাটিচাপা মরদেহ উদ্ধার

আপডেট : ০৪ জুলাই ২০২১, ০২:০৮ পিএম

দিনাজপুরের কাহারোল উপজেলায় নিখোঁজের একদিন পর ১১ বছর বয়সী এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার সকাল ১০টায় জেলার কাহারোল উপজেলার ২নং রসুপুল ইউনিয়নের বনড়া গ্রামের একটি বিলের পাশে থেকে কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জাকিয়া আক্তার ৩নং তারগাঁও ইউনিয়নের পাহাড়পুর গ্রামের সার ও কীটনাশক ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের মেয়ে। সে একই উপজেলার বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী।

জানা গেছে, শনিবার দুপুরে উপজেলার তরলা বাজারে শিক্ষক শরিফুল ইসলামের বাড়িতে প্রাইভেট পড়তে যায়। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। পরে সেই শিক্ষকের বাড়িতে কিশোরীর পরিবারের লোকজন গিয়ে জানতে পারে যে, কিশোরী জাকিয়া প্রাইভেট পড়তে আসেনি। রবিবার সকাল ১০টায় বনড়া গ্রামের একটি বিলের পাশে নতুন মাটির ঢিবি দেখে সন্দেহ হয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে কিশোরীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

স্থানীয়দের বরাত দিয়ে কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলী জানান, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি কিশোরীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে ধর্ষণের ঘটনা ঘটেছে কি না তা ময়নাতদন্তের পর জানা যাবে। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কাহারোল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দিনাজপুরের পুলিশ সুপার আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোমিনুল করিম, কাহারোল সার্কেলের সহকারী পুলিশ সুপার রওশন আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত