ভারী বৃষ্টিপাতে উজানে থেকে নেমে আসা ঢলে নীলফামারীতে বৃদ্ধি পেয়েছে তিস্তা নদীর পানি। রবিবার দুপুর তিনটা থেকে তিস্তা ব্যারাজের নীলফামারীর ডালিয়া পয়েন্টে নদীর বিপৎসীমার (৫২ দশমিক ৬০ মিটার) ১৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
এর আগে সকাল ৬টায় বিপৎসীমার ৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়।
পানি উন্নয়ন বোর্ড নীলফামারীর ডালিয়া ডিভিশনের বন্যা পূর্বাভাস ও সর্তকীকরণ কেন্দ্র জানায়, উজানের ভারী বর্ষণ অব্যাহত থাকায় কয়েক দিন থেকে তিস্তার পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
শনিবার সারাদিন নদীর পানি বিপৎসীমার ২৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও রাতে তা বৃদ্ধি পায়। যা রবিবার সকাল ৬টায় বিপৎসীমার ৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। এরপর সকাল ৯টা থেকে নদীর পানি কমে বেলা ৩টা থেকে ১৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হতে থাকে।
এদিকে সকালে নদীর পানি বৃদ্ধি পেলেও দুপুরের পর পানি কমতে থাকায় নদীর তীরবর্তী চরাঞ্চল কিংবা কোনো লোকালয় প্লাবিত হয়নি বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।
পানি উন্নয়ন বোর্ড নীলফামারীর ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল-মামুন জানান, ব্যারাজের সবকটি (৪৪টি) জলকপাট খুলে রাখা হয়েছে। এখন পর্যন্ত নদীর র্তীরবর্তী কোন চরগ্রাম কিংবা নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার খবর পাওয়া যায়নি।
