বিনামূল্যে অক্সিজেনসহ ৩ দফা দাবি ছাত্র ইউনিয়নের

আপডেট : ০৪ জুলাই ২০২১, ১০:১৮ পিএম

দেশে করোনা আক্রান্ত রোগীদের বিনামূল্যে অক্সিজেন সরবরাহ ও লকডাউনে শ্রমজীবী মানুষদের জন্য রেশনের ব্যবস্থ নিশ্চিতসহ ৩ দফা দাবিতে বিক্ষোভ সামাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। রবিবার দুপুর ১টায় রাজধানীর পুরানা পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

ছাত্র ইউনিয়ন সভাপতি ফয়েজ উল্লাহ বলেন, শ্রমজীবী মানুষদের খাদ্য সহায়তা নিশ্চিত না করে লকডাউনের ঘোষণা কোনো সুফল বয়ে আনছে না। গার্মেন্টস খোলা আছে , কিন্তু যানবাহন চলছে না। এটি অযৌক্তিক সিদ্ধান্ত। শ্রমিকেরা পায়ে হেঁটে কর্মস্থলে যাচ্ছে। রাষ্ট্রের অমানবিক চিত্র আমাদের সামনে ফুটে উঠছে। লকডাউনের সুফল পেতে অবিলম্বে সব শ্রমজীবী মানুষকে রেশনিংয়ের আওতায় আনতে হবে। দ্রুততম সময়ের মধ্যে সব নাগরিকের জন্য টিকার ব্যবস্থা করতে হবে। 

তিনি বলেন, ইতমধ্যে দেশের বিভিন্ন হাসপাতালগুলোতে অক্সিজেন সংকটসহ প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের অভাব দেখা দিয়েছে। হাসপাতালগুলোতে অক্সিজেনসহ প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের দ্রুত ব্যবস্থা করতে হবে। আমরা দেখলাম সাতক্ষীরায় হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম বিকল হয়ে মানুষ মারা গিয়েছে। কার গাফিলতির কারণে এত মানুষের প্রাণ গেল তার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

রাজশাহীতে কলেজ শিক্ষকের হাত ভেঙে দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়ে ফয়েজ উল্লাহ বলেন, রাজশাহীতে একজন কলেজ শিক্ষকের হাত ভেঙে দিয়েছে ম্যাজিস্ট্রেট। প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে একজন নাগরিককে আঘাত করার স্পর্ধা দেখিয়েছে এ ম্যাজিস্ট্রেট। অবিলম্বে সেই ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। টিকা নিয়ে ব্যবসা করা প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। লকডাউনে যেসব শ্রমজীবী মানুষ পেটের দায়ে রাস্তায় নামছেন তাদের হেনস্তা করা যাবে না। কোন নাগরিককে হেনস্তা করার অধিকার রাষ্ট্রের নেই। 

এ সময় বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দীপক শীল, কেন্দ্রীয় কমিটির সদস্য জিকে সাদিক প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত