স্বাস্থ্যবিধি না মানায় চারদিনে বাগেরহাটে ৪৩৪ জনকে জরিমানা

আপডেট : ০৫ জুলাই ২০২১, ১১:১৩ এএম

বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় কঠোর লকডাউনের মধ্যে অকারণে বাইরে ঘোরাঘুরির দায়ে ৯ জনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সময়ে আরও ৮৭ জনকে জরিমানা করা হয়েছে।

১৪টি ভ্রাম্যমাণ আদালত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কারাদণ্ড ও জরিমানা করে।

নয়জনের মধ্যে আটজনকে তিন দিন করে এবং একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।

এদিকে, কঠোর লকডাউনের পঞ্চম দিনের মতো বাগেরহাটে দোকানপাট বন্ধ রয়েছে। রাস্তাঘাট ফাঁকা। গুরুত্বপূর্ণ সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশি চৌকি। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও র‌্যাব রাস্তায় টহল দিচ্ছে।

বাগেরহাটের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মোহাম্মদ শাহজাহান বলেন, বাগেরহাটে সম্প্রতি করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়েছে। সংক্রমণ রোধে লকডাউনের আগে থেকেই এখানকার বাসিন্দাদের নানাভাবে সচেতন করার চেষ্টা চলছে।

বারবার সচেতন করার পরেও কিছু মানুষ সরকারের আদেশ নির্দেশ অমান্য করে অযথা বাইরে ঘোরাঘুরি করছেন।

প্রশাসনের নির্দেশনা না মেনে যারা বাইরে আসছেন তাদের আমরা আইনে আওতায় আনতে বাধ্য হয়েছি। তাই এই আদালতগুলো জেলার বিভিন্ন এলাকায় লকডাউনের মধ্যে অকারণে বাইরে ঘোরাঘুরির করার দায়ে নয়জনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে।

একই সময়ে স্বাস্থ্যবিধি না মানায় আরও ৮৭ জনকে জরিমানা করা হয়। এদের কাছ থেকে ৭১ হাজার ৮৫০ টাকা আদায় করা হয়।

গত চার দিনে জেলার ৪৩৪ জনকে জরিমানা করা হল। এসময়ে আদায় হয়েছে প্রায় সওয়া দুই লাখ টাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত