গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের হাট পয়েন্ট এলাকায় ১৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১১২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও যমুনা নদী তীরবর্তী নিচু ও চরের কিছু কিছু এলাকা প্লাবিত হয়েছে।
বাড়িঘর না ডুবলেও ওই সব এলাকার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। অধিকাংশ রাস্তাঘাট ডুবে যাওয়ায় তারা এখন নৌকায় যাতায়াত করছেন। অপরদিকে পানির বৃদ্ধি পেতে থাকায় সিরাজগঞ্জ সদর, কাজিপুর, চৌহালী ও শাহজাদপুর উপজেলার যমুনা নদী তীরবর্তী এলাকায় ভাঙন দেখা দিয়েছে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার ম্যান আব্দুল লতিফ জানান, রবিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ১৫ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১১২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী কয়েক দিন এ পানি বৃদ্ধি পেতে পারে।
