চিকিৎসা নিতে গিয়ে ভারতে আটকেপড়া বাংলাদেশি পাসপোর্ট যাত্র্রীরা আজ থেকে সপ্তাহে তিন দিন অনুমতি সাপেক্ষে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে দেশে ফিরতে পারবেন।
তবে সপ্তাহের সাত দিনই বিশেষ অনুমতি প্রাপ্ত ব্যক্তিরা বাংলাদেশ থেকে ভারতে যেতে পারবেন।
রবিবার রাতে এ সংক্রান্ত নির্দেশনা হিলি ইমিগ্রেশন চেকপোস্টে এসে পৌঁছায়। আজ সোমবার থেকে এই নির্দেশনা কার্যকর হয়েছে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি সেকেন্দার আলী বলেন, ভারতে আটকেপড়া যাত্রীদের দেশে ফিরিয়ে নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক গত ১৯ মে থেকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম শুরু হয়।
এর ফলে এই পথ দিয়ে সপ্তাহে সাতদিনই ভারত থেকে আটকে পড়া বাংলাদেশি পাসপোর্ট যাত্রীরা দেশে ফিরতে পারতেন।
সম্প্রতি একটি নতুন নির্দেশনা আমরা পেয়েছি তাতে করে ভারতে আটকেপড়া যাত্রীদের দেশে ফিরিয়ে নিতে এখন থেকে সপ্তাহে তিন দিন হিলি ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম খোলা থাকবে।
সপ্তাহের রবি, মঙ্গল, বৃহস্পতিবার এইতিন দিন ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম খোলা থাকবে। এই তিন দিন ভারতে আটকে পড়া বাংলাদেশি পাসপোর্ট যাত্রীরা ভারতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের অনাপত্তিপত্র ও করোনা নেগেটিভ সনদ নিয়ে দেশে ফিরতে পারবেন। বাকি তিন দিন ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম বন্ধ থাকবে। সে মোতাবেক আজ সোমবার সকাল থেকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের কার্যক্রম বন্ধ রয়েছে।
