নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের হরতালে নাশকতা ও সহিংসতার ঘটনায় আসামি মো. ফারুক আহমেদকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার রাতে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে হেফাজতে ইসলামের হরতালে নাশকতা ও সহিংসতার ভিডিও ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয় বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মশিউর রহমান।
মঙ্গলবার হেফাজতে ইসলামের হরতালে নাশকতা ও সহিংসতার ঘটনায় দায়ের করা ২টি মামলায় গ্রেপ্তার দেখিয়ে ১২ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম জানান, গ্রেপ্তার ফারুক আহমেদ গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের হরতালে নেতৃত্ব দিয়েছিলেন। সে ঘটনার ভিডিও ফুটেজ দেখে পুলিশ তাকে শনাক্ত করে। তবে তিনি মামলার এজহারভুক্ত আসামি নন।
উল্লেখ্য, গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের হরতালে সহিংসতার ঘটনায় ৩৭০০ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় মোট ৮টি মামলা দায়ের করা হয়।
