ভারতের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
কিংবদন্তি এ অভিনেতা ৯৮ বছর বয়সে বুধবার সকাল সাড়ে ৭টায় মুম্বাইয়ের পি ডি হিন্দুজা হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টারে মৃত্যুবরণ করেন।
এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, ‘ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে কুশলী অভিনেতা দিলীপ কুমারের মৃত্যুতে গোটা ভারতবর্ষে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দক্ষ এই অভিনয়শিল্পী তার অসাধারণ অভিনয়ের জন্য চলচ্চিত্রপ্রেমী মানুষের মনে চির জাগরুক এবং অমর হয়ে থাকবেন। তিনি তার উত্তরসূরি অভিনেতা-অভিনেত্রীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। সিনেমা জগতে তিনি একজন উজ্জ্বল জ্যোতিষ্ক। এই কুশলী অভিনেতা ব্যক্তিগত জীবনেও ছিলেন অত্যন্ত উদারচেতা ও বিনয়ী স্বভাবের অধিকারী।’
মির্জা ফখরুল বলেন, ‘ভারত-পাকিস্তানের বৈরিতা কমিয়ে দু-দেশের সাংস্কৃতিক মেলবন্ধনের জন্য দিলীপ কুমার দীর্ঘদিন কাজ করার পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে কাজ করেছেন সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণের জন্য। বলিউড কিংবদন্তি দিলীপ কুমারের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। আমি দিলীপ কুমারের আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, ভক্ত ও গুণগ্রাহীদের প্রতি গভীর সহমর্মিতা জানাচ্ছি।’
এ ছাড়া পৃথক শোকবার্তায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ার এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সংস্কৃতিবিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল দিলীপ কুমারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোকবার্তায় তারা দিলীপ কুমারকে ভারতের খ্যাতনামা ও জনপ্রিয় অভিনেতা হিসেবে উল্লেখ করে বলেন, তার মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্রাঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হলো, তা সহজে পূরণ হওয়ার নয়।
