চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় প্রায় ৮৬ লাখ টাকা ব্যয়ে বিলপুর সড়কের উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ উঠেছে। কাজ করার এক সপ্তাহ পরেই হাত দিয়ে টান দিলেই ওই সড়কের কার্পেটিং উঠে যাচ্ছে। ফলে রাস্তার কাজের মান নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী।
উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এ সড়কটির কার্পেটিংয়ের কাজ শেষ হয় এক সপ্তাহ আগে। গত সোমবার হাতের টানে সড়কের কার্পেটিং তুলে কাজের অনিয়মের প্রতিবাদ করে এলাকাবাসী। নিম্নমানের নির্মাণসামগ্রী, সড়কের পুরনো ইট পরিষ্কার না করে খোয়া তৈরি করে ব্যবহার, নিম্নমানের বিটুমিন ব্যবহার ও কাজে অনিয়মের কারণে এমনটি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। তবে কাজে কোনো অনিয়ম হয়নি বলে দাবি করেন ঠিকাদার ইউপি সদস্য রিদোয়ানুল হক রহিম।
সরেজমিন আনোয়ারা সদর ইউনিয়নের বিলপুর সড়ক ঘুরে দেখা যায়, হাতের টানেই রাস্তার কার্পেটিং উঠে যাচ্ছে। আগের উঠে যাওয়া কিছু অংশ পুনরায় বিটুমিন দিয়ে মেরামতও করা হয়েছে। এ ঘটনায় সেখানে উপস্থিত লোকজন ক্ষোভ প্রকাশ করেন।
স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সেকান্দর বলেন, নিম্নমান সামগ্রী ব্যবহার ও কার্পেটিং দেওয়ার আগে যথাযথ পরিষ্কার না করায় সড়কের কার্পেটিং সপ্তাহ না যেতেই উঠে যাচ্ছে। কাজ করার সময় ঠিকাদারকে কাজের মানের কথা বললেও তারা শোনেননি।
স্থানীয় ইউপি সদস্য আবদুস ছালাম বলেন, ঠিকাদার বিটুমিনের প্রলেপ না দিয়ে তড়িঘড়ি করে কাজ শেষ করেছে।
আনোয়ারা উপজেলা প্রকৌশলী তসলিমা জাহান বলেন, বিলপুর সড়কে ব্যবহৃত বিটুমিন ভালো মানের ছিল। তবে এ সড়কে টেম্পার আসার আগেই মানুষ চলাচলের কারণে কার্পেটিং উঠে যেতে পারে।
