ডিবি পুলিশ সেজে জরিমানার সময় যুবক গ্রেপ্তার

আপডেট : ০৮ জুলাই ২০২১, ১২:৫০ এএম

জয়পুরহাটের পাঁচবিবিতে ডিবি পুলিশ পরিচয় দিয়ে জরিমানা করার সময় রক্তিম সরকার (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়। ঘটনাটি ঘটেছে পাঁচবিবি উপজেলার বাগজানা ঘোড়াপা এলাকায়। গ্রেপ্তার হওয়া রক্তিম সরকার পাঁচবিবি পৌরসভার দমদমা এলাকার বাসিন্দা।

পাঁচবিবি থানার পরিদর্শক (তদন্ত) গোলাম সারওয়ার হোসেন বলেন, গত মঙ্গলবার সন্ধ্যার পর বাগজানার ঘোড়াপা এলাকার কয়েকজন বাইরে বের হয়েছিলেন। তারা ‘কেন বাইরে বের হয়েছেন’ এমন ধমক দিয়ে ৫ হাজার টাকা জরিমানা করে রক্তিম ও তার সঙ্গে থাকা অজ্ঞাত আরেক যুবক। ভুক্তভোগীরা কয়েকজন মিলে ২ হাজার টাকা তাদের দিয়ে দেন। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হওয়ায় রক্তিমকে আটক করে পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে তাকে আটক করে। ডিবি পুলিশ পরিচয় দিয়ে টাকা নেওয়ার অভিযোগে মামলা করার পর গতকাল আদালতের মাধ্যমে রক্তিমকে জেলহাজতে পাঠানো হয়েছে। তার সঙ্গে থাকা যুবককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত