দিনাজপুরের পার্বতীপুরে ফেনসিডিল বিক্রির অভিযোগে আরিফ সরদার (৩৪) নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পুলিশের হাতে আটক হ্ওয়ার পর তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী এই শিক্ষককে বরখাস্ত করেন।
অভিযুক্ত আরিফ সরদার উপজেলার চন্ডিপুর ইউনিয়নের বারকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
তার সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর উপজেলা শিক্ষা অফিসার আ.খ.ম আলাউল হাদী।
এ বিষয়ে গত ৩ জুলাই দেশ রূপান্তরে ৯ পাতায় ‘পার্বতীপুরে ফেনসিডিলসহ শিক্ষক গ্রেপ্তার’ শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয়।
উল্লেখ্য, পুলিশ গত শুক্রবার (২ জুলাই) রাত সাড়ে ১০টার সময় পার্বতীপুর উপজেলার চন্ডিপুর কেরুর মোড় এলাকায় পুলিশ অভিযান চালায়।
আরিফসহ ২ জন মোটরসাইকেলযোগে অভিনব কায়দায় কাগজের তৈরি ব্যাগে ফেনসিডিল নিয়ে বিক্রির জন্য যাচ্ছিলেন। পুলিশের সন্দেহ হলে তাদের তল্লাশি করে।
এ সময় তাদের কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল, লাল রংয়ের জারা ১০০ সিসি ও ব্লু রংয়ের ১১০ সিসি জি-হোন্ডা দুটি মোটরসাইকেল উদ্ধার করে।
তবে, তাদের সাথে থাকা জুয়েল ইসলাম পালিয়ে যেতে সক্ষম হয়েছে। ঘটনার দিন শুক্রবার রাতে পার্বতীপুর মডেল থানায় ২০১৮ সালের মাদবদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মাদক মামলা দায়ের হয়।
পরদিন শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে দিনাজপুর জেলহাজতে পাঠায় পুলিশ।
